স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর মহানগরের ভোগড়া বাসন সড়ক এলাকার আলেমা টেক্সটাইল পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৬ মে) রাত সোয়া ১১টার দিকে সূত্রপাতের পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে পুরোপুরি নেভাতে রাত সাড়ে ৩টা পর্যন্তও কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই জয়দেবপুর, টঙ্গী, উত্তরা ও হেডকোয়ার্টার থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ছুটে যায় আলেমা টেক্সটাইলে। দুই ঘণ্টা চেষ্টা করে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয়রা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও রাত সাড়ে ৩টা পর্যন্তও পুরোপরি নিভিয়ে ফেলতে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তারা আরও জানান, কারখানাটির ছয়তলা ভবনের ষষ্ঠ তলায়ই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তৎক্ষণাৎ জানা যায়নি।
