Skip to content

প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি সংশোধন : আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : জনগণের উপকারে ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রয়োজন হলে তা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (২৪ মে) সচিবালয়ে নিজ দপ্তরে ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনে এক যুগ আগে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে বহালের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দুটি ধারার বিষয়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন শুনেছি। কিন্তু রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো হাতে পাইনি। পূর্ণাঙ্গ কপি হাতে না পেলে এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। এ ধারা বিষয়ে আদালতের কোনো নির্দেশনা থাকলে জনগণের স্বার্থে তা বিবেচনা করা হবে।’

তিনি বলেন, ‘আইনে ৫৪ ধারা একটি জরুরি বিধান। এর ব্যবহারের ওপর নির্ভর করছে ধারাটি ভালো কি মন্দ। এ ধারাটি তখনই প্রয়োগ করা উচিত যখন কেউ অপরাধ করতে যাচ্ছে বলে পুলিশের মনে হয়। এর বাইরে নয়।’

অনেক সময় দেখা যায় আটক করার দু’তিন দিন পর গ্রেপ্তার দেখানো হচ্ছে, সাংবাদিকরা এমন তথ্য জানালে প্রত্যুত্তরে মন্ত্রী বলেন, ‘এ রকম ঘটনা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে জানান। আমরা ব্যবস্থা নেব।’

সকালে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা (বিনা পরোয়ানায় গ্রেপ্তার) ও ১৬৭ ধারায় আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ (পুলিশি রিমান্ড) সংশোধনে এক যুগ আগে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দিয়েছেন। এ রায়ের ফলে গ্রেপ্তারি পরোয়ানা ও পুলিশি হেফাজতে আসামিদের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, সেটিই বহাল রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫