স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে পুলিশের সোর্স কুতুব উদ্দিন (৩২) খুনের ঘটনায় টঙ্গী থানায় মামলা দায়ের হয়েছে।
নিহতের বাবা মো. হাবিবুর রহমান বাদী হয়ে মঙ্গলবার (২৪ মে) রাতে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭/৮জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, আসামিরা আমতলী এলাকার প্রতিবেশী এবং তারা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। কুতুব উদ্দিন তার বাবার সাথে জুতার ব্যবসা করতেন।
মামলার আসামি সুজনের কাছ থেকে ৬০ হাজার টাকা পেতেন। ওই টাকা চাইলে সুজন তা না দিয়ে বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দিতেন বলেও কুতুব তার বাবাকে জানিয়েছিলেন।
সোমবার (২৩ মে) দিবাগত রাত ৩টার দিকে মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন ও আসামি জামাল, কসাই শহিদের মোবাইল থেকে কুতুবকে ফোন করে সুজনের কাছে পাওনা টাকা নিয়ে যেতে বলে। পরে কুতুব তাদের আমতলীর বাসা থেকে বের হয়ে যায়। এর পরে আর বাসায় ফেরেননি তিনি।
মঙ্গলবার সকাল ৬টার দিকে কুতুবকে টিএন্ডটি মোড় বাজার এলাকায় একটি দর্জির দোকানে ফেলে ওই আসামিরা কুপিয়ে খুন করে।
এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। নিহত কুতুব ঢাকার নবাবগঞ্জের বাঘাদুয়ার এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে। টঙ্গীর আমতলী এলাকায় আব্দুল মজিদ মিয়ার বাসায় ভাড়া থেকে তারা সপরিবারে বসবাস করতেন।
টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, নিহত কুতুব টঙ্গী থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। এর আগেও তাকে একবার দুর্বৃত্তরা কুপিয়েছিল।
