স্পোর্টস ডেস্ক ॥
সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসর শেষ করে ঢাকা প্রিমিয়ার লীগে খেলতে এসেছেন ভারতের হার্ডহিটার ব্যাটসম্যান ইউসুফ পাঠান। মঙ্গলবার রাতে ঢাকা পা রেখে বুধবার থেকেই শুরু করেছেন ডিপিএল মিশন।
ডিপিএলে তার কলকাতা নাইট রাইডার্সের সতীর্থ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল আবহানীর হয়ে খেলছেন এ হার্ডহিটার।
গতকাল বুধবার নিজের প্রথম ম্যাচেই মাঠে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছেন ইউসুফ। ৪৭ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে প্রাইম ব্যাংকের বিপক্ষে আবাহনীকে জয় এনে দিয়েছেন তিনি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ম্যাচ জেতানো ইউসুফ ম্যাচ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের প্রশংসাও করলেন।
মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করে ইউসুফ বলেন, ‘মুস্তাফিজের হায়দ্রাবাদের বিপক্ষে আইপিএল-এর দুটি ম্যাচেই আমরা ভালো করেছিলাম। তার বিপক্ষে রান করতে সক্ষম হয়েছিলাম। তবে আমি মনে করি সে বিশ্ব ক্রিকেটের বড় আবিষ্কার, খুবই ব্রিলিয়ান্ট’।
এছাড়াও ঢাকায় খেলতে এসে খুব একটা সমস্যা হচ্ছে না বলেও জানালেন ইউসুফ। এই ব্যাপারে তিনি বলেন, ‘আমি পেশাদার ক্রিকেটার। বিভিন্ন দলের হয়ে খেলেছি। আর আবাহনীতে সাকিব থাকায় সুবিধা হয়েছে। গত ছয় বছর ধরে আমরা কলকাতার হয়ে খেলছি। সাকিবের সঙ্গে একই দলে খেলাটা আমার জন্য বেশ সুবিধার হয়েছে’।
