Skip to content

ওয়ার্নারের দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার জয়

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: আইপিএলের নবম আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন ডেভিড ওয়ার্নার। ব্যাট হাতে আলো ছড়িয়েছেন প্রায় প্রত্যেকটি ম্যাচেই। তার ব্যাটে ভর করে সানরাইজার্স হায়দারাবাদ প্রথমবারের মতো জিতেছে আইপিএলে শিরোপা। এরপর জাতীয় দলের হয়ে খানিকটা নিষ্প্রভ ছিলেন তিনি।

শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফের জ্বলে উঠলেন ওয়ার্নার। তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৬ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৮ রান করে অসিরা। জবাবে ৪৭.৪ ওভারে সবকটি উইকেট খুইয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২৫২ রানে।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ রানের মাথায় অ্যারন ফিঞ্চের (১৩) উইকেটটি হারায় অস্ট্রেলিয়া। তবে অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি আদায় করে নেন ওয়ার্নার। ১২০ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ১০৯ রানের মূল্যবান ইনিংস দলকে উপহার দেন তিনি। পারনেলের বলে হাশিম আমলার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার।

ওয়ানডাউনে নামা ওসমান খাজা নামের পাশে যোগ করেছেন ফিফটি। দলের স্কোরশিটে তার অবদান ৫৯ রান। অধিনায়ক স্টিভেন স্মিথও অর্ধশতক হাঁকিয়েছেন। ৪৯ বলে খেলে করেছেন ৫২ রান। প্রোটিয়াদের পক্ষে সেরা বোলার ইমরান তাহির। ৪৯ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট দখলে নিয়েছেন কাইল অ্যাবোট, রাবাদা, পারনেল ও ফাঙ্গিসো।

লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফিকা উইকেট হারিয়েছে দলীয় ৩৫ রানের মাথায়। জশ হ্যাজেলউডের শিকার হন কুইন্টন ডি কক (১৯)। অপর ওপেনার হাশিম আমলা করেছেন ৬০ রান। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন ফাফ ডু প্লেসিস। এ ছাড়া এবি ডি ভিলিয়ার্সের ৩৯ ও জেপি ডুমিনির ৪১ রানও দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না।

অসিদের হয়ে সমান তিনটি করে উইকেট পকেটে পুরেছেন মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড। দুর্দান্ত এক সেঞ্চুরির স্বীকৃতি পেয়েছেন ডেভিড ওয়ার্নার। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫