স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বিশ রোজার মধ্যে সকল কারখানায় বেতন এবং মূল বেতনের সমান বোনাসের দাবিতে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। গাজীপুরের নন্দন অ্যাপারেলস গার্মেন্টেসহ দেশের বিভিন্ন কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানায় সংগঠনটি।
শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত মিছিল-সমাবেশ থেকে এসব দাবি জানান বক্তারা।
শ্রমিক সমাবেশে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন সংঠনের কেন্দ্রীয় সভাপ্রধান শ্রমিক নেতা তাসলিমা আখ্তার। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামা, রাজনৈতিক শিক্ষা সম্পাদক মিনহাজুল নাহিদ, সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপক রায়সহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
নেতারা বলেন, গার্মেন্ট খাতে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে প্রতি বছরই ঈদের সময় নানান তাল-বাহানা দেখা যায়। অনেক কারখানায় বেতন দিতে গড়িমসি, অনেক কারখানায় বেতন দিলে বোনাস দেয় না কিংবা ঈদের ২/১ দিন আগে যৎসামান্য দেয় ইত্যাদি অভিযোগ রয়েছে।
নেতৃবৃন্দ আশঙ্কা করে বলেন, প্রতিবছরের ন্যায় এবারও এই খাতে এ ধরনের ঘটনা দেখা যেতে পারে। শ্রমমন্ত্রণালয়ের এ বিষয়ে দায়িত্ব কী? তারা কেমন নজরদারি করেন? কেন লাখো শ্রমিক ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়?
সমাবেশ থেকে উত্থাপিত দাবিসমূহ:
১. ২০ রোজার পূর্বে সকল কারখানায়ই বেতন ও বোনাস পরিশোধ।
২. মূল বেতনের সমান ঈদ বোনাস প্রদান করতে হবে, পিস রেটে কর্মরতদেরও যথাযথ ঈদ বোনাস প্রদান করা।
৩. ঈদের আগে কোন শ্রমিক ছাঁটাই চলবে না।
৪. অপরাধী মালিকদের শাস্তি দিতে হবে এবং অর্থনীতির সবচেয়ে বড় এই খাতে কোন প্রকার শ্রমবিরোধী আচরণ বরদাস্ত করা হবে না।
৫. বেতন-বোনাস বঞ্চিতদের আন্দোলনের দায় মালিক ও সরকারকেই নিতে হবে।
