Skip to content

বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে নামছে উদীচী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : দেশের বন্যাপীড়িত মানুষের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আগামীকাল বৃহস্পতিবার (০৪ আগস্ট) বিকেল ৩টায় রাজধানী ঢাকার তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু হবে। দেশের অন্যান্য জেলা, শাখা সংগঠনও একযোগে ত্রাণসংগ্রহ শুরু করবে বলে জানানো হয়েছে উদীচীর পক্ষ থেকে।

উদীচীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক কংকন নাগ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় গত কয়েকদিন ধরে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জেলার লাখো মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। বন্যা থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে উঁচু রাস্তা ও বিভিন্ন স্থাপনায় আশ্রয় নিতে বাধ্য হওয়া মানুষেরা মানবেতর জীবন যাপন করছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার, পানীয় জলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অভাব দেখা দিয়েছে। যেসব স্থানে পানি নামতে শুরু করেছে সেখানে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ এবং চর্মরোগের প্রাদুর্ভাব। সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ সরবরাহের ব্যবস্থা করা হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। এ অবস্থায় দেশব্যাপী ত্রাণ সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে উদীচীর জেলা ও শাখা সংসদের মাধ্যমে  নগদ অর্থ, খাদ্য, ঔষধসহ নানা ত্রাণসামগ্রী সংগ্রহ করে কেন্দ্রীয় সংসদের সরাসরি তত্ত্বাবধানে উপদ্রুত জেলাগুলোতে পাঠানো হবে।

উল্লেখ্য, বন্যাদুর্গত এলাকাগুলোতে অবস্থিত উদীচীর শাখাগুলো এরই মধ্যে নিজ নিজ উদ্যোগে ত্রাণ কার্যক্রম শুরু করেছে। উদীচী ঘোষিত দেশব্যাপী ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫