Skip to content

রিভিউর সুযোগ ছিল না আমরা দিয়েছি: প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ শুরুতে ছিল না। পরবর্তীতে কাদের মোল্লার রায়ের মাধ্যমে রিভিউর সুযোগ দেয়া হয়েছে। মীর কাসেম আলীর সময় আবেদনের শুনানিতে তার আইনজীবীকে সে কথা স্মরণ করিয়ে দেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

বুধবার (২৪ আগস্ট) মীর কাসেম আলীর রিভিউ আবেদন শুনানির শুরুতেই আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সময় আবেদন করেন। মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাসেম (আরমান)কে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার কাছে সমস্ত কাগজপত্র ছিল তাই এ সময় আবেদন করা হয়।

জবাবে প্রধান বিচারপতি বলেন, আপনারা ছয় সপ্তাহ সময় পেয়েছেন। রাষ্ট্রপক্ষের বিরোধিতা সত্বেও আপনাদের এক মাস সময় দিয়েছিলাম। এখানে তো রিভিউ করার সুযোগই ছিল না। আমরা সেই সুযোগ দিয়েছি। এই কোর্ট দিয়েছে।

এখন বলছেন তার ছেলেকে সাদা কিছু সাদা পোষাকধারীরা তুলে নিয়ে গেছে। কিন্তু আপনি আছেন, মিস্টার শাহজাহান (মীর কাসেমের আরেক আইনজীবী) এখানে উপস্থিত। তাই আপনারা ডিসকাস করতে পারতেন। রিভিউর স্কোপ তো খুব সীমিত। দুটি গ্রাউন্ডে কেবল রিভিউ করা যায়।

জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, অল ম্যাটার্স সেখানে। সমস্ত কাগজপত্র তার (আরমান) বাসায় ছিল। কয়েকটি নথি দেখিয়ে তিনি বলেন, এই যে এই কয়টা কাগজপত্র আমার কাছে আছে। আমি গতকাল রাত পর্যন্ত অপেক্ষা করেছি। ভেবেছিলাম তাকে আদালতে উপস্থাপন করা হবে। তখন তার সঙ্গে পরামর্শ করব। কিন্তু সেটা করতে পারিনি। আমি শুনানি করব না। বাসায় কেউ নাই। আমি অসহায়। তাহলে এখন আমাদের আবেদন প্রত্যাহার করা ছাড়া কোনো উপায় থাকবে না।

এরপর প্রধান বিচারপতি বলেন, আপনারা আবেদনে বলেছেন তার ছেলেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে। এটা তো এখানে তদন্তের বিষয় না। শুনানি বিলম্ব করতে আপনারা এগুলো বলেন। এই গ্রাউন্ডে আমরা আর সময় দেব না। রিভিউ স্কোপ তো খুব সীমিত। আমরা রায়ের বাইরে যাব না। এটা শুধু আপনাদের সন্তুষ্টির জন্য।জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, রিভিউর স্কোপ কতটুকু সেটা আমরা জানি।

এ সময় মামলার অ্যাডভোকেট অন রেকর্ডকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, উনাকে কেন পেপার বুক দেননি। আবার খন্দকার মাহবুব হোসেনকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, সেদিনও আপনার কাছে পেপার বুক ছিল। আজ নেই কেন? জবাবে তিনি বলেন, ওটা আরমান নিয়ে গেছে।

তখন প্রধান বিচারপতি বলেন, আপনাকে আমার পেপার বুক দিয়ে দিচ্ছি। আমি আপনাদের যথেষ্ট সম্মান করি। ৪০ বছর যাবৎ আপনাকে দেখছি।তখন খন্দকার মাহবুব হোসেন বলেন, আমাকে রবিবার পর্যন্ত সময় দেন। জবাবে প্রধান বিচারপতি বলেন, আপনি আরম্ভ করেন, আমি দিয়ে দিচ্ছি।

এরপর রিভিউ শুনানি শুরু করেন খন্দকার মাহবুব হোসেন। তখন প্রধান বিচারপতি বলেন, পেপার বুক পেয়েছেন? জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, আমি মেমোরি থেকে বলছি। প্রধান বিচারপতি জবাবে বলেন, আমি জানি আপনার মেমোরি যথেষ্ট শার্প।

খন্দকার মাহবুব হোসেন রিভিউ শুনানি শুরুর মিনিট খানেকের মধ্যেই আদালত রিভিউ শুনানি রবিবার পর্যন্ত মুলতবি করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫