বাংলাভূমি২৪ ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের চেলসি এলাকায় এক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল শনিবার এ বিস্ফোরণ হয়।
এখন নিউইয়র্কের চেলসি এলাকায় বিস্ফোরণস্থলের কাছে রাস্তা বন্ধ করে দিয়ে অগ্নিনির্বাপক বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। উদ্ধারকৃত আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট আওয়াজ করে হওয়া এই বিস্ফোরণের শব্দে তাদের কানে তালা লেগে গিয়েছিল।
স্থানীয় এক কর্মকর্তা জানান, এফবি আই ও নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গেছেন। মেয়রও ঘটনাস্থলে যাচ্ছেন।
তবে, বিস্ফোরণের কারণ এখনো জানতে পারেননি কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, বিস্ফোরণের শব্দে মানুষ ছোটাছুটি শুরু করে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের শঙ্কা আর ঘটনাস্থলের ছবিও প্রকাশ করছেন।
সূত্র: বিবিসি বাংলা
