বাংলাভূমি২৪ ডেস্ক ॥
পহেলা জানুয়ারি সারা দেশে বই উৎসব অথচ এখনো প্রাক প্রাথমিকের ৯৩ ভাগ বই সরবরাহ হয়নি। পাঁচ নৃগোষ্ঠীর ভাষার বই পৌঁছেনি একটিও। তাই উৎসবের দিন বই ছাড়া থাকতে হবে অধিকাংশ শিক্ষার্থীকে।
বছরের প্রথমদিন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন করবে সরকার। প্রাক-প্রাথমিকের প্রায় ৩৩ লাখ শিক্ষার্থীকে এক কোটিরও বেশি বই বিনামূল্যে দেয়ার কথা। অন্যান্য পর্যায়ের অধিকাংশ বইই এরই মধ্যে পৌঁছেছে বেশিরভাগ এলাকায়। তবে প্রাক-প্রাথমিকের ৯৩ ভাগ বইই এখনও পৌঁছায়নি বিভিন্ন অঞ্চলে।
এবারই প্রথমবারের মত পাঁচ নৃগোষ্ঠীর ২৪ হাজার শিক্ষার্থী পাচ্ছেন মাতৃভাষায় ৫১ হাজার বই। তবে বোর্ডের হিসেব বলছে সেই বইয়ের একটিও এখন পর্যন্ত সরবরাহ করা হয়নি। ফলে বই উৎসবে বই ছাড়াই থাকতে হচ্ছে প্রাক-প্রাথমিকের বেশিরভাগ শিক্ষার্থীকে।
সব স্তরের শিক্ষার্থীকে বছরের প্রথম দিন বই তুলে দেয়ার সর্বোচ্চ চেষ্টার কথা বলছে পাঠ্যপুস্তক বোর্ড। তবে প্রাক-প্রাথমিকের বই নিয়ে মন্তব্য করতে রাজী নন বোর্ডের চেয়ারম্যান নারায়ন চন্দ্র সাহা।
গত কয়েক বছর সময়মতো বই পায়নি প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা। এজন্য সঠিক পরিকল্পনার অভাবকে দুষছেন অভিভাবকরা।
ইনডিপেনডেন্ট টিভি
