স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ২০১৭ সালের প্রথমদিন থেকে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ১৯টি ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ শুরু হবে। রাজধানীর বেশ কয়েকটি থানার বাসিন্দাদের মধ্যে ১ জানুয়ারি থেকে স্মার্টকার্ড বিতরণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিতরণ কার্যক্রম চলবে ৪ এপ্রিল পর্যন্ত।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, নতুন বছরের প্রথম দিন থেকে রাজধানীর মিরপুর, গুলশান, সবুজবাগ, মতিঝিল, ধানম-ন্ডি ও লালবাগ থানার কয়েকটি ওয়ার্ডে স্মার্টকার্ড বিরতণ শুরু হবে, যা চলবে ৪ এপ্রিল পর্যন্ত। প্রতিটি থানা ও এলাকার মধ্যে নির্দিষ্টভাবে নির্বাচনি ক্যাম্প থাকবে, যেখান থেকে সংগ্রহ করা যাবে স্মার্টকার্ড। এর আগে গত ২ অক্টোবর লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করে নির্বাচন কমিশন। ঢাকা ও এর বাইরে এ কার্যক্রম চলে।
কমিশন সূত্র জানায়, যারা জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছে তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করে থানায় জিডি করে সোনালী ব্যাংক/ডিবিবিএল/ ট্রেজারি চালানের মাধ্যমে নির্ধারিত ফি (সাধারণত-২৫৩ টাকা) জমা দিয়ে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে অথবা (জরুরি-৩৬৮ টাকা) জমা দিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগ, ইসলামিক ফাউন্ডেশন ভবন, আগারগাঁও, ঢাকা থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।
কমিশন জানায়, স্মার্টকার্ড বিতরণের সময় কার্ডধারীদের ১০ আঙুলের ছাপ এবং রঙিন ছবিসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। স্মার্টকার্ডের নিরাপত্তা বজায় রাখার জন্য ২৫টি আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং মান নিশ্চিত করা হয়েছে। কার্ডধারীরা ব্যাংকিং, টিআইএন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টসহ ২২ ধরনের সেবা পাবেন। স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড বিনামূল্যে দেওয়া হচ্ছে। কার্ডধারীর কার্ড হারানো গেলে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে নতুনভাবে তা সংগ্রহ করা যাবে।
ঢাকার স্মার্টকার্ড বিতরণী ওয়ার্ডগুলো হলো: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন- ৪, ৭, ১১, ১২, ২২ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন- ২, ৩, ৪, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৪, ১৮, ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডসমূহের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংযুক্ত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্র হতে প্রতিদিন সকাল ৯.০০ থেকে বিকাল ৫.০০ পর্যন্ত বিতরণ করা হবে।
