বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ভবনের নিজেস্ব অগ্নিনিরপত্তা ব্যবস্থা জোরদার করতে ৭২৮টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভবন মালিকদের কাছে চিঠি দিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই এমন অসংখ্য প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও একটি।
রাজধানীর চার লাখ বহুতল ভবনের মধ্যে বেশির ভাগ ভবনেই নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। ফলে ভবনে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।
ঢাকায় অর্ধেক অংশে সেবামূলক নানা কাজের নিয়ন্ত্রণ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। অথচ করপোরেশনের বহুতল ভবনেই নেই যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা। একই অবস্থা ঢাকা মেডিকেল কলেজ কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের।
ফায়ার সার্ভিস বলছে, নগরীর চার লাখ বহুতল ভবনের বেশিরভাগেই নেই যথাযথ অগ্নি সুরক্ষা ব্যবস্থা। বড় কোনো দুর্ঘটনার পর বিষয়টি আলোচনায় এলেও প্রতিকারের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না।
২০০৩ সালের আগে ভবন নির্মানের সময় নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থা রাখার বিশেষ কোনো নিয়ম ছিলো না। তবে ২০০৩ সালের ইমারত নির্মাণ আইনে বহুতল ভবন নির্মাণ করতে গেলে বেশকিছু অগ্নিনির্বাপণ ব্যবস্থা সংযোজন করা বাধ্যতামূলক।
এর মধ্যে রয়েছে ফায়ার ফাইটিং টিম, ফায়ার পাম্প, হাইড্রেন্ট, হুজরেল, স্প্রিনকিলার, এক্সটিংগুইশার, আলাদা সিঁড়ি ও হাসপাতালের ক্ষেত্রে র্যাম্প।
২০০৩ সালের পর নির্মিত ঝুঁকিপূর্ণ ৭২৮টি ভবন চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে রয়েছে হাসপাতাল, শপিং মল, কারখানা, সুউচ্চ ভবন ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কার্যালয়। সূত্র : ইন্ডিপেন্ডেন্ট টিভি
