স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: মন্ত্রী-এমপিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এর মধ্যে ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের মন্ত্রী-এমপিদের প্রতি বিশেষ নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে, বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকারদলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার পর সংসদ সদস্যদের নিরাপত্তার বিষয়টি আলোচনায় উঠে আসে।
গত সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। ওই বৈঠকেই লিটন হত্যা জামায়াতের কাজ হতে পারে বলে ইঙ্গিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এমপি-মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেন।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, লিটন হত্যার ঘটনায় উত্তররাঞ্চলসহ সারা দেশের ডিসি ও এসপিদের মন্ত্রী-এমপিদের নজরদারি বাড়ানোর মৌখিক নির্দেশ গেছে। তাছাড়া প্রয়োজন অনুযায়ী এমপিদের নিরাপত্তা বাড়ানোর জন্য বলা হয়েছে জেলাগুলোর এমপিদের নিরাপত্তায় বাড়তি নজরদারির।
বিষয়টি আমলে নিয়ে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী বলেন, প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করা হয়েছে । এমপিদের উদ্বেগের বিষয়টি আমলে নিয়ে সরকারের উচ্চ মহল থেকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিভিন্ন জেলায় মন্ত্রী-এমপিদের বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। যারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তাদের অবশ্যই বাড়তি নিরাপত্তা দেওয়া হবে। এজন্য লিখিত নির্দেশের দরকার নেই।
স্বরাষ্ট্র সচিব ড. কামালউদ্দিন আহমেদ বলেন, পুলিশ সদর দফতর থেকে সংশ্লিষ্ট জেলাগুলোয় নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
