বাংলাভূমি২৪ ডেস্ক ॥
‘সমাজতন্ত্রের স্লোগান হারিয়ে যাচ্ছে বলেই আপনাদের মনের জোর কমে যাচ্ছে। যদি বলি দুর্নীতিবাজ এমপির বিরুদ্ধে মানববন্ধন করেন। আপনারা ভয় পান। আপনারা বলেন, মামলা দেবে, প্রটেকশন দেন। কিন্তু প্রটেকশন দিতে হলে আপনার দরকার কী? আপনারা কি ব্রয়লার মুরগি নাকি?’ আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে মহানগর জাসদ (ইনু) গ্রুপের এক কর্মীসভায় তথ্যমন্ত্রী ও দলটির একাংশের সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন। নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি গঠন নিয়ে খালেদা জিয়ার সমালোচনার জবাবও দেন তিনি।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া এখনো জঙ্গি এবং রাজাকারদের সঙ্গ ছাড়েননি। তার এখনো সময় আছে রাজাকারদের এবং জঙ্গির মুদাতাদের ছেড়ে মানুষ হত্যার রাজনীতি ছেড়ে সঠিক রাজনীতিতে আসুন। তাহলে জনগণ আপনাকে রায় দেবে।
আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০১৯ সালে সঠিক সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।
ইনু আরো বলেন, জঙ্গি দমনে যে লড়াই, সেই লড়াইয়ে জাসদ সামনে থাকবে। আবার দুর্নীতি, দলবাজি, ক্ষমতাবাজির বিরুদ্ধেও সুশাসনের প্রশ্নে জাসদ কাউকে ছাড় দেবে না।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জাসদ এই কর্মীসভার আয়োজন করে। নগর জাসদের ভারপাপ্ত সভাপতি ওসমান গণি চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বাবুলসহ সংগঠনের নেতারা কর্মীসভায় বক্তব্য দেন। পূর্বপশ্চিম
