Skip to content

মানুষ সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায়

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
অনেকেই বলছেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে একটা সুবাতাস চলছে। আমারও একটা ব্যক্তিগত মত আছে। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সংসদের বাইরের বিরোধী দলের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল সেটা ঘটেনি। আওয়ামী লীগ বার বার বলেছে, ২০১২ সালের মত একটা নির্বাচন কমিশন গঠন করা হবে। তেমনই হয়েছে। প্রধান বিরোধী দলের উচিত ছিল বঙ্গভবনে না গিয়ে গণভবনে যাওয়া। তারা যদি প্রধানমন্ত্রীর কাছে যেতেন তাহলে হয়তো আলোচনা করে তাদের দাবির কিছুটা আদায় করতে পারতেন।

সোমবার রাতে চ্যানেল আই-এর আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এ মন্তব্য করেন সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান।

তিনি আরো বলেন, সার্চ কমিটির মাধ্যমে যেটা হল সেটা হচ্ছে, সার্চ কমিটি দ্রুত তাদের কাজটা করে গেলেন। তাদের দায়িত্ব ছিল, তারা ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেছিলেন। রাষ্ট্রপতি সেখান থেকে পাঁচ জনকে নির্ধারণ করেছেন। আওয়ামী লীগ এই নির্বাচন কমিশনের বিষয়ে বেশ নিরাপদেই আছেন। কেননা আওয়ামী লীগের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যে, রাষ্ট্রপতি যাকে নির্বাচন কমিশনার হিসাবে নির্ধারণ করবেন তাকেই তারা মেনে নেবেন। বিএনপির পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। তারা ২০ দলের সবার সাথে কথা বলে তারপরই প্রতিক্রিয়া জানাবেন।

তিনি আরো বলেন, মানুষ চায়, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন। বিএনপির এবারের নির্বাচনে আসাটা হচ্ছে তাদের অস্তিত্বের প্রশ্ন। সুতরাং তাদেরকে আসতেই হবে। বিদায়ী নির্বাচন কমিশনার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন, তার আমলের সকল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তার এই কথা হচ্ছে একটা সেরা জোকস। আসলে তার আমলে নির্বাচনের নামে যা হয়েছে সেটা বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের জন্য একটা জ্ঞবেষণার বিষয় হয়ে থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫