স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন বাঁশবাড়ি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়েগেছে বস্তির টিন ও কাঠের তৈরি প্রায় শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বস্তির বাসিন্দারা জানান, ভোর রাতে বস্তির মাঝের কয়েকটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ওই বস্তিতে প্রায় শতাধিক টিন ও কাঠের তৈরি ঘর ছিলো। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, মশার কয়েল বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে আগুন লাগার সঠিক কোনো কারণ জানাতে পারেনি তারা। ওই এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব সদস্যরা দায়িত্বপালন করছেন।
