লাভূমি২৪ ডেস্ক ॥
বন্দর নগরী চট্টগ্রামের যানজট নিরসনে ফ্লাইওভার বা ওভারপাস নয় বরং নতুন রাস্তা তৈরির পরামর্শ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা।
এর পরেও নগরীতে একের পর এক ফ্লাইওভার বানিয়ে যাচ্ছে সেবা প্রদানকারী সংস্থাগুলো। এবার সিটি কর্পোরেশন নিউমার্কেট ও অলংকার মোড়ে দুটি ওভারপাস বানানোর কাজ শুরু করতে যাচ্ছে।
পাঁচ বছরেরও বেশি সময় ধরে নগরীতে একের পর এক ফ্লাইওভার বানাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ। বহদ্দারহাট, কদমতলী, দেওয়ানহাটের পর এখন চলছে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ফ্লাইওভারের কাজ। যদিও এগুলোর কোনটিতেই খুব বেশি গণপরিবহন চলে না।
এবার সিটি কর্পোরেশনও জুলাই মাস থেকে অলংকার থেকে একে খান মোড় এবং নিউমার্কেট মোড়ে দুটি ওভারপাস বানানোর কাজ শুরু করতে যাচ্ছে। নামে ওভারপাস হলেও এগুলোর মধ্যে একটির দৈর্ঘ্য ১.২ কিলোমিটার আরেকটি আধা কিলোমিটারেরও বেশি। যা অনেকটা ফ্লাইওভারের মতোই।
তবে নিউমার্কেট এলাকার যানজট কমাতে ওভারপাস প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ।
এসব ফ্লাইওভার যানজট কমাতে পারবে না বলে অনেক আগেই মতামত দিয়েছিলেন নগর পরিকল্পনাবিদরা। বন্দরনগরীর যানজট কমাতে নতুন রাস্তা তৈরির ওপর জোর দিচ্ছেন তারা।
সিটি করপোরেশনের ওভারপাস দুটিতে খরচ হবে প্রায় দেড়শ কোটি টাকা। খরচ দেবে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা। -তথ্যসূত্র : ইনডিপেন্ডেন্ট টিভি
