স্টাফ রিপোর্টার ॥
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিশুহত্যার ঘটনা উদ্বেগজনকহারে বাড়ছে। বছরের প্রথম দেড় মাসেই ৪২ শিশুহত্যার ঘটনা ঘটেছে। অপহরণের টাকা আদায়, পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জের হিসেবেই দুবৃর্ত্তরা নিষ্পাপ শিশুদের হত্যা করছে। এই ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।
সূত্র জানায়, সম্প্রতি চাপাইনবাবগঞ্জে অপহরণের পর দুই শিশুকে হত্যা করে অপহরণকারী প্রতিবেশী। এছাড়া পারিবারিক কলহের জের ধরে ৫ বছরের সন্তানকে হত্যা করেছে বাবা। এ রকম অসংখ্য শিশুহত্যার ঘটনা দিনদিন বেড়েই চলছে আমাদের সমাজে। গত দেড় মাসে ৪২ শিশু হত্যার শিকার হয়। নিজ বাবা-মার হাতে হত্যার শিকার হয় ৫ জন শিশু। এ বিষয়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, দিনদিন ক্রমবর্ধমান শিশুহত্যার ঘটনা প্রমাণ করে যে আমরা কতটা অমানবিক সমাজব্যবস্থায় বসবাস করছি। দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর নানা অত্যাচার হচ্ছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। অতি দ্রুত যদি আমরা এ অবস্থার পরিবর্তন না করতে পারি জাতিকে চরম মূল্য দিতে হবে। ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) হুমায়ুন কবীর বলেন, শিশুহত্যা ও নির্যাতনের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য সম্প্রতি পুলিশ সদর দফতর থেকে সারাদেশে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে থানা পুলিশ এ জাতীয় মামলা অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে। কেউ শিশু নির্যাতন, অপহরণ ও হত্যার অভিযোগ নিয়ে থানায় গেলে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে থাকে।
