Skip to content

জোট করার আগে বিএনপিকে বড় দলের অহমিকা ছাড়তে হবে: জাফরউল্লাহ চৌধুরী

বাংলাভূমি ডেস্ক ॥
নির্বাচনের আগে বৃহত্তর জোট গঠন করার লক্ষ্যে বিভিন্ন দলের সাথে যোগাযোগ শুরু করেছে বিএনপি। তবে যেসব দলকে বিএনপি জোটে টানার চেষ্টা করছে তাদের কাছ থেকে সাড়া মিলছে কম।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে টানা হরতাল-অবরোধে রাজপথে ছিল বিএনপি। কিন্তু সহিংস আন্দোলনেও সফলতা মেলেনি। এবার একাদশ সংসদ নির্বাচনের আগে ভিন্ন কৌশল নিচ্ছে বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোটের বাইরে আরো ৭ থেকে ৮টি দলকে আন্দোলন ও নির্বাচনী জোটে সামিল করার কথা ভাবছে দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘সবার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। বাংলাদেশে যত গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে আমরা তাদেরকে সাথে নিয়ে আন্দোলনও করতে চাই। আবার প্রয়োজন হলে নির্বাচনও করতে চাই’।

বিএনপির এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন কোন কোন রাজনীতিক। তবে শুধু বিএনপি নয়, আওয়ামী লীগও তাদের সাথে যোগাযোগ করছে বলেও জানিয়েছেন তারা।

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি সবাই আমাদের সাথে যোগাযোগ করবে বলে মনে করি। যাদের সঙ্গে ঐক্য করলে দেশের মানুষের উপকার হবে তাদের সাথে বেশি কথাবার্তা বলব’।

গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, ‘লিখিত আকারে যে আমরা এটা মেনে নিয়ে ঐক্য করব, কর্মসূচীর ঐক্য হয়। একটা অর্থপূর্ণ ঐক্যের দিকে যেতেই হবে’।

এদিকে, বিএনপি বা আওয়ামী লীগের জোটে নয়, নতুন জোট করার কথা ভাবছে কোন কোন দল।

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘অন্যরা তাদের মত করে কাজ করছে। আমরা নিজেরা একটা জোট গঠন করতেছি। সেখানে কারা সারা দেবে সেটা বলতে পারছি না’।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি বড় দলের অহমিকা না ছাড়লে বৃহত্তর জোট সম্ভব নয়।

রাজনৈতিক বিশ্লেষক জাফরউল্লাহ চৌধুরী বলেন, ‘উদ্যোগ নেয়ার আগে বিএনপিকে বড় দলের অহংকার ছাড়তে হবে। সত্যিকার অর্থে বলতে হবে আমরা সম্মিলিতভাবে দেশে পরিবর্তন আনবো’।

শেষ পর্যন্ত আগামী নির্বাচন সুষ্ঠু করতে সরকার আন্তরিক হবে বলে আশাবাদী বিএনপি।

সূত্র: ইনডিপেনডেন্ট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫