বিনোদন ডেস্ক ॥
‘ভালো থেকো’ ছবির গানের শুটিংয়ে অংশ নিতে নেপাল অবস্থান করছেন ঢাকাই ছবির পরিচিত মুখ তানহা তাসনিয়া। মঙ্গলবার নেপাল গেছেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার সকালে স্যোশাল মিডিয়ার মাধ্যমে নেপাল থেকে তানহা জানান, জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ ছবির দুটি গানের শুটিংয়ে নেপাল রয়েছেন তিনি। বর্তমানে পোখরায় অবস্থান করছেন। দুটি গানের শুটিং করবেন। গান দুটিতে আরিফিন শুভ ও সুপার হিরো রোজ থাকছেন তানহার বিপরীতে।
তানহা বলেন, ‘২১ মার্চ দেশে ফিরেই এ ছবির ডাবিংয়ে অংশ নিব। ছবির গল্প খুব মজার। ছবিতে শুভ ভাই আমার বেয়াই এবং আমি তার বেয়াইনের চরিত্রে অভিনয় করছি। অনেক মজার দৃশ্যে আমরা অভিনয় করেছি। আশা করি, ছবিটি সকলে পছন্দ করবেন।’
দ্য অভি কথাচিত্র প্রযোজিত এ ছবিতে আরও অভিনয় করেছেন-আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, কাজী হায়াৎ, তানিন সুবহা, আসিফ ইমরোজ, রেবেকা, এমএ শহীদসহ আরও অনেকে।
