Skip to content

হোয়াইট হাউসে অনুপ্রবেশের চেষ্টায় এক ব্যক্তি আটক

বাংলাভূমি ডেস্ক ॥
অবৈধভাবে হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করায় মার্কিন ফেডারেল আইন বাস্তবায়নকারী সংস্থা সিক্রেট সার্ভিসের হাতে আটক হয়েছে সন্দেহভাজন এক ব্যক্তি।

সিক্রেট সার্ভিস কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শনিবার এক সন্দেহভাজন ব্যক্তি হোয়াইট হাউসের বাইক পার্কিংয়ের বেড়া লাফিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা চালান। তখন তাকে সিক্রেট সার্ভিসের লোকেরা আটক করে।

আটককৃত সন্দেহভাজনের কোনো পরিচয় জানা যায়নি। আটক করার সঙ্গে সঙ্গেই তার উপর গুরুতর অপরাধের অভিযোগ দায়ের করা হয়। ঘটনাটি ঘটার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে তার ব্যক্তিগত রিসোর্টে যাচ্ছিলেন।

নাম না প্রকাশের শর্তে সিক্রেট সার্ভিসের এক কর্মী জানান, আটককৃত সন্দেহভাজনের কাছ থেকে কোনো ধরণের অস্ত্র পাওয়া যায়নি। হোয়াইট হাউসের বাইরের নিরাপত্তা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনার এক সপ্তাহ পর এই ঘটনাটি ঘটলো।

গত ১০ মার্চ হোয়াইট হাউসের তিনটি নিরাপত্তা বেষ্টুনি অতিক্রম করে ভেতরে প্রবেশের চেষ্টায় জোনাথন ট্রান নামে আরো একজনকে আটক করেছিল সিক্রেট সার্ভিস। সিক্রেট সার্ভিস সংস্থা গণমাধ্যমকে জানায়, আটককৃত তরুণ প্রথমে ইউএস ট্রেজারি বিভাগের কাছের ৫ ফুট দেয়াল অতিক্রম করার পর ৮ ফুটের আর একটি দেয়াল অতিক্রম করেন। এরপর হোয়াইট হাউসের কাছের আরো একটি দেয়াল অতিক্রম করে ভেতরে প্রবেশ করে।

স্থানীয় সময় শুক্রবার সিক্রেট সার্ভিস সংস্থা তাদের এক বিবৃতিতে এই ঘটনাগুলোর জন্য ক্ষোভ প্রকাশ করেন। তারা আরো জানান, পরবর্তীতে যাতে কোনো নিরাপত্তাজনিত ফাঁকফোকর না থাকে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০১৪ সালে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সময়ও এমন একটি ঘটনা ঘটেছিল। একজন ব্যক্তি ছুঁরি নিয়ে হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টুনি অতিক্রম  করে ভেতরে প্রবেশ করেছিলেন। তাকেও আটক করা হয়। পরবর্তীতে তার মানসিক অবস্থা ঠিক ছিল না বলে জানানো হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে নিরাপদ নন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্টের নিরাপত্তা দায়িত্বে পালন করা সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তা ড্যান বনগিনো। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর সন্ত্রাসী হামলা হলেও তা মোকাবেলা করার সামর্থ্য সিক্রেট সার্ভিসের নেই।

এছাড়া নিউ ইয়র্কে সিক্রেট সার্ভিসের এক এজেন্টের গাড়ি থেকে একটি ল্যাপটপ চুরি গেছে যাতে ট্রাম্প টাওয়ারের ফ্লোর প্ল্যানসহ বেশকিছু স্পর্শকাতর তথ্য ছিল। হোয়াইট হাউসে অবৈধভাবে প্রবেশের খবর প্রকাশিত হয় মার্কিন মিডিয়ায়। অনুপ্রবেশকারীকে পরে গ্রেপ্তার করা হয়। এরপরই সিক্রেট সার্ভিসের সাবেক এ কর্মকর্তা এই মন্তব্য করলেন।

বনগিনো ফক্স নিউজকে বলেন, এক জন্য ব্যক্তি হোয়াইট হাউসের বেড়া ডিঙিয়ে প্রবেশ করলো সকল নিরাপত্তা ব্যবস্থাকে উপেক্ষা করে। এমনকি সে যে প্রবেশ করছিল তাও দেখছিল সিক্রেট সার্ভিস। কিন্তু কর্মকর্তারা কিছুই করলেন না। এটা একটা বড় ঘটনাই বলতে হবে। ফলে বোঝাই যাচ্ছে সিক্রেট সার্ভিসের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেই। তারা প্রেসিডেন্টের নিরাপত্তা দিতে সক্ষম নন, এমনকি প্রেসিডেন্টের ওপর হামলা হলেও তাকে সুরক্ষা করতে পারবে না সিক্রেট সার্ভিস।

বনগিনো আরো বলেন, একজন নয়, যদি ৪০ জন সন্ত্রাসী প্রবেশ করে তাহলে কী হবে? বিশ্বাস করুন আর না করুন সন্ত্রাসীরা হয়তো সেই পরিকল্পনা করছে।

ট্রাম্প শপথ নেওয়ার পর এই প্রথম হোয়াইট হাউসে অনুপ্রবেশের ঘটনা ঘটলো। বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক এজেন্টের ল্যাপটপ চুরি হয়ে যায়। ল্যাপটপে স্পর্শকাতর তথ্য ছিল বলে জানা গেছে। বিশেষ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ই-মেইল সংক্রান্ত তথ্যও ছিল। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান এবং রিপাবলিকান কংগ্রেসম্যান জ্যাসন চ্যাফেটস দুটি ঘটনার জন্য সিক্রেট সার্ভিসের সমালোচনা করেছেন। এনডিটিভি ও বিবিসি অবলম্বনে

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫