বিনোদন ডেস্ক ॥
ড্রাগ পাচার চক্রে আগেই তার নাম জড়িয়েছিল। এবার বড়সড় বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি। মমতা ও তার স্বামী ভিকি গোস্বামীর বিরুদ্ধে এবার জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
ড্রাগ পাচারের বড়সড় চক্রে যুক্ত রয়েছেন এ দম্পতি। একথা মুম্বাই পুলিশের পক্ষে গত বছরই জানানো হয়েছিল। বিদেশে তো বটেই, ভারতেও ড্রাগ নিয়ে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এককালে বলিউডের এই সুন্দরী নায়িকার। তবে হাতে সেই সময় যথেষ্ট প্রমাণ ছিল না পুলিশের। তাই মমতা কুলকার্নির বিরুদ্ধে কোনওরকম আইনি পদক্ষেপ করতে পারেনি তারা। তদন্ত চলছিল। পরে এই সংক্রান্ত একাধিক প্রমাণ হাতে পায় পুলিশ।
দেশের সবচেয়ে বড় ড্রাগ পাচার চক্রে জড়িত দশজনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতারও করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই বেরিয়ে এসেছিল বলি অভিনেত্রী ও তার স্বামীর নাম। পুলিশকে তারাই জানিয়েছিল, ভিকি গোস্বামীর কয়েক হাজার কোটি রুপির ড্রাগ সাম্রাজ্যের আসল মুখ মমতা কুলকার্নিই। যার অধিকাংশ ড্রাগই পাচার হত কেনিয়াতে। মঙ্গলবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন থানের জেলা বিচারপতি এইচ এম পটবর্ধন। বর্তমানে দু’জনই ভারতের বাইরে বলে ধারণা পুলিশের।
