বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা: ফের রাজধানীতে তৎপরতা শুরু করেছে পুলিশ। কারণ জঙ্গিরা যেন নতুন করে আস্তানা গড়ে তুলতে না পারে। সে জন্য বাড়ি-বাড়ি গিয়ে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ ছাড়াও নজরদারি বাড়ানো হয়েছে। পুরনো ভাড়াটিয়ার তথ্য নেওয়ার পাশাপাশি নতুনদের তথ্য নিয়েও দ্রুত পুলিশকে দেওয়ার জন্য বলা হচ্ছে।
একইসঙ্গে জঙ্গি ইস্যুতে বাড়িওয়ালা ও দারোয়ানদের সতর্ক থাকতেও বলে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। প্রতিটি বাড়ির গেটে কয়েকটি নির্দেশনা সংবলিত একটি ছোট নোটিশ বোর্ডও লাগিয়ে দেওয়া হচ্ছে।
জানা যায়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিজ উদ্যোগেই নির্দিষ্ট কিছু কার্যক্রম ছাড়াও জঙ্গিবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছেন। যাতে কোনোভাবেই রাজধানীতে জঙ্গিরা আস্তানা গড়ে তুলে না পারে।
ঢাকা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা জানান, দেশের বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর দেখা যায় জঙ্গিরা ছদ্ম পরিচয়ে বিভিন্ন বাসা-বাড়ি ও মেসে ভাড়াটিয়া হিসেবে থাকছে। গড়ে তুলছে জঙ্গি আস্তানা। নাশকতা শেষে পালিয়ে গেলেও তাদের আর কোনও হদিস পাওয়া যায় না। বাড়িওয়ালারাও ওইসব ভাড়াটিয়া সম্পর্কে কোনও তথ্য দিতে পারেন না।
ডিএমপি’র বিভিন্ন থানার ওসিরা নিজ-নিজ এলাকার মসজিদগুলোতে গিয়ে প্রতি জুমার নামাজের আগে বক্তব্য দিয়ে জঙ্গিবাদবিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন।
