Skip to content

তারেক রহমানের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্পদের তথ্য গোপন মামলার রুল শুনানি শেষে  ৮ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

এর আগে গত বছরের ০২ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চের একজন বিচারপতি এ মামলা শুনতে বিব্রতবোধ করে মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন। আইন অনুসারে পরবর্তীতে তৃতীয় বেঞ্চ গঠন করে শুনানির জন্য পাঠান প্রধান বিচারপতি।

আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করে দুদক।

মামলায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে একই বছরে জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।

এর বিরুদ্ধে আপিল করা হলেও আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। কিন্তু এ মামলায় আসামিপক্ষ দুদককে পক্ষভুক্ত করেননি। ২০১৫ সালের ০২ এপ্রিল দুদকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ দুদককে পক্ষভুক্ত করার আবেদন মঞ্জুর করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫