গত বছরের শেষ ছয় মাসে ফেসবুকের কাছে ৪৯টি অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। এতে ৫৭টি অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে। সরকারের অনুরোধের ক্ষেত্রে ২৪ দশমিক ৪৯ শতাংশ তথ্য দেওয়ার কথা বলেছে ফেসবুক।
বৃহস্পতিবার ফেসবুক বিশ্বের বিভিন্ন দেশের সরকারের তথ্য চাওয়ার বিষয়ে ‘গ্লোবাল গভর্নমেন্ট রিকোয়েস্টস রিপোর্ট’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
এতে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ছয় মাসের অনুরোধের পরিসংখ্যান প্রকাশ করা হয়। মূলত ২০১৩ সালের জানুয়ারি থেকে ছয় মাস করে সরকারগুলোর অনুরোধের তথ্যও আছে।
ফেসবুক প্রকাশিত প্রতিবেদনের বাংলাদেশ অংশে (https://govtrequests.facebook.com/country/Bangladesh/2016-H2/) দেখা যায়, আইনি প্রক্রিয়ার (লিগ্যাল প্রসেস) জন্য ২৪টি অনুরোধে ৩২টি অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হলে ফেসবুক ৮ দশমিক ৩৩ শতাংশ ক্ষেত্রে তথ্য দিয়েছে। জরুরি প্রয়োজনে ২৫টি অনুরোধে ২৫টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হলে ৪০ শতাংশ ক্ষেত্রে সাড়া দিয়েছে ফেসবুক।
এ ছাড়া প্রথমবারের মতো ফেসবুকের এ প্রতিবেদনে সরকারিভাবে ফেসবুক বন্ধ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ থেকে একবার ফেসবুক বন্ধ করার তথ্য প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে অপরাধ তদন্ত বিষয়ে ১৫টি অ্যাকাউন্টের তথ্য ৯০ দিন পর্যন্ত সংরক্ষণের অনুরোধও পাওয়ার কথা ওই প্রতিবেদনে বলেছে ফেসবুক।
এদিকে গত ২১ ডিসেম্বর প্রকাশিত গতবছরের প্রথম ছয় মাসের অনুরোধ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৯টি অ্যাকাউন্টের ব্যাপারে ১০টি অনুরোধ করেছিল বাংলাদেশ সরকার।
এরমধ্যে আইনি কাজের জন্য আটটি অ্যাকাউন্টের তথ্য জানতে নয়টি অনুরোধ জানায় বাংলাদেশ সরকার। জবাবে সরকারকে ১১ দশমিক ১১ শতাংশ তথ্য দেয় ফেসবুক।
সরকার জরুরি ভিত্তিতে ১টি অ্যাকাউন্টের তথ্য জানতে ১টি অনুরোধ করলে তাতে সাড়া দেয় ফেসবুক।
