আন্তর্জাতিক ডেস্ক ॥
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত ও ১১ জন গুরুতর আহত হয়েছে। নারী ও শিশুদের বহনকারী একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে পাহাড়ের গিরিখাদে অবস্থিত আরেকটি রাস্তার উপর পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মুগলা প্রদেশের গভর্নর আমির চিচেক বলেছেন, ‘ভয়াবহ’ এ দুর্ঘটনায় বাসটির ২০ যাত্রী নিহত ও ১১ জন গুরুতর আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক ঠিকমতো কাজ না করায় এটি রেলিং ভেঙে রাস্তা থেকে ছিটকে পড়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
প্রদেশের ডেপুটি গভর্নর কামিল কোতেন জানিয়েছেন, রাস্তার পাশের রেলিং ভেঙে বাসটি ৫০ ফুট নীচে আরেকটি রাস্তার উপর দিয়ে চলমান একটি গাড়ির উপর পড়ে যায়। এ সময় ওই গাড়ির তিন যাত্রীও নিহত হয়। ওই তিনজনসহ এ দুর্ঘটনায় মোট ২৩ জনের মৃত্যু হয়েছে বলে কোতেন জানান।
টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দুমড়ে মুচড়ে যাওয়া হলুদ রঙের একটি বাস রাস্তার পাশে পড়ে আছে এবং এর কাছে কাপড় দিয়ে সারিবদ্ধ লাশ রেখে দেয়া হয়েছে। চীন সফররত তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন এবং এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে রাষ্ট্র-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে।
