বিনোদন ডেস্ক ॥
প্রকাশ পেয়েছে ইমরানের নতুন ব্যয়বহুল মিউজিক ভিডিও ‘মন খারাপের দেশে’। গতকাল সোমবার (১৫ মে) রাতে সিএমভি’র ইউটিউব চ্যানেলে বেশ ঘটা করেই ভিডিওটি মুক্তি পেয়েছে। মুশফিক লিটুর সংগীতায়োজনে গানটির অনবদ্য সুর করেছেন নাজির মাহমুদ। আর লিখেছেন শরীফ আল-দীন। যে গানটির অডিও এরইমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
সেই জনপ্রিয়তার সূত্র ধরে এবার তৈরি হলো গানটির ব্যয়বহুল ভিডিও। নির্মাণ করেছেন সৈকত রেজা। যেখানে মডেল হয়েছেন রোতসী। তার সঙ্গে ইমরানকে পাওয়া গেছে রোমান্টিক নায়কসুলভ ভঙিমায়। যেমনটা আগের কোনো ভিডিওতে ইমরানকে পাওয়া যায়নি।
ইমরান বলেন, ‘এবার নিজেকে একটু ভেঙেছি। চেষ্টা করেছি গানের কথা-সুর-কণ্ঠের সঙ্গে মিল রেখে ভিডিওতে একটা রোমান্টিক আবহ তৈরি করতে। ভিডিওটি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। এমন একটি গান করার জন্য সিএমভিকে ধন্যবাদ জানাই।’
এদিকে মডেল রোতসী বলেন, ‘আমি ইমরান ভাইয়ার গানের ভক্ত। চেষ্টা করেছি গানটির সঙ্গে নিজেকে মেলে ধরতে। সহযোগিতা পেয়েছি নির্মাতা ও শিল্পীর। আশা করছি সবার ভালো লাগবে আমাদের পর্দার রসায়ন।’
