বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ সবকিছুকেই দলীয়করণ করেছে। আওয়ামী লীগার ছাড়া দেশে আর কেউ থাকতে পারবে না। দেশে এমন কোনও জায়গা নেই যেখানে আওয়ামী লীগের বাইরের কোনও দল করে কোনও কাজ করা যায়। তিনি বলেন, শুধু আওয়ামীকরণ কোনও রাজনীতি না।
মঙ্গলবার রাতে ডিবিসি নিউজ-এর রাজকাহন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শামীম হায়দার পাটোয়ারী।
শামসুজ্জামান দুদু আরও বলেন, বর্তমান পার্লামেন্টটা একটা অপ্র্রতিদ্বন্দ্বী পার্লামেন্ট। কারণ এটি প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে গঠিত হয়নি। যে কোন গণতান্ত্রিক দল যদি পার্লামেন্টকে কার্যকর করতে চায় তাহলে যে কোন সময় তাদের কাজেকর্মের মাধ্যমে দেশকে অনেক এগিয়ে নিতে পারে। আর যদি সেখানে ক্ষমতাটা আঁকড়ে থাকাই মূল বিষয় হয়ে পড়ে তাহলে সেখানে ন্যায়-অন্যায়ের পার্থক্য থাকে না।
তিনি বলেন, দেশে ভয়ংকর একটা পরিস্থিতি চলছে। আর বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগ তাদের নিজের দলে টানছে। আর যদি কেউ না যেতে চায় তাহলে তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে জেলহাজতে পাঠাচ্ছে । ইলেকশন নিয়ে আমাদের মাথাব্যথা নাই, আমরা শুধু ভোট অধিকারটুকু প্রতিষ্ঠা করতে চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এইযে একটা বিষয় ছিলো সেটিকে আওয়ামী লীগ হত্যা করে ফেলেছে। তাই দেশে একটা ভালো নির্বাচনের জন্য আমাদের সকলের চেষ্টা করা উচিত।
