Skip to content

বেতন কমছে ধোনির!

স্পোর্টস ডেস্ক ॥

বেতন-ভাতা কমতে পারে মহেন্দ্র সিং ধোনির। বিরাট কোহলি ও অনিল কুম্বলে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের কাছে রবিবার ক্রিকেটারদের ভাতা বৃদ্ধির যে সুপারিশ করেছেন, তাতে এমনই ইঙ্গিত মিলছে। এখন ক্রিকেটারদের তিনটে গ্রেডে ভাগ করা হয়। এ গ্রেডে থাকা ক্রিকেটাররা পান বছরে ২ কোটি টাকা। বি গ্রেডে থাকা ক্রিকেটাররা পান ১ কোটি। সি গ্রেডে থাকা ক্রিকেটারদের ভাতা ৫০ লাখ। ম্যাচ ফি অবশ্য আলাদা। টেস্টের জন্য ১৫ লাখ, ওয়ানডের জন্য ৭ লাখ, টি টোয়েন্টির জন্য ৩ লাখ।

নতুন যে সুপারিশ করা হয়েছে তাতে সবচেয়ে লাভবান হবেন বিরাট–অশ্বিনরা। যারা তিন ঘরানার ক্রিকেটেই দেশের প্রতিনিধিত্ব করেন তাদের ভাতা বিপুল পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে। ধোনি টেস্ট খেলা ছেড়ে দিয়েছেন। ফলে তার ভাতা কমতে পারে। তবে সুপারিশে বলা হয়েছে নতুন গ্রেডেশন করার সময় দেশের প্রতি ক্রিকেটারদের অবদানের কথা যেন মাথায় রাখা হয়। সাম্প্রতিক ফর্ম ও অভিজ্ঞতার কথাও মাথায় রাখার কথা বলা হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে ধোনির অধিনায়কত্বে ভারত ৫০ ওভার ও টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। ধোনি জমানাতেই ভারত প্রথম টেস্টের শীর্ষস্থানে পৌঁছেছিল।

টেস্ট খেলা ক্রিকেটারদের বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তাদের ভাতা ১৫০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। কুম্বলেদের প্রস্তাব মানলে এ গ্রেডে থাকা ক্রিকেটারদের ভাতা ২ কোটি থেকে বেড়ে ৫ কোটি হতে পারে। যেমন চেতেশ্বর পুজারা। শুধু টেস্ট খেলেন। গুরুত্বের বিচারে টেস্টের ধারেকাছে অন্য কোনও ঘরানা আসে না। ২৬ মে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে আলোচনা হবে।

কুম্বলে বছরে পান ৬ কোটি। তিনিও ৩০ শতাংশ ভাতা বৃদ্ধির দাবি করেছেন। তার সঙ্গে সাপোর্ট স্টাফদেরও ৫০ শতাংশ ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে। কমিটিও সিনিয়র ক্রিকেটারদের এই দাবি সমর্থন করেছে। বোর্ডের তরফে অবশ্য বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মতো ভাতা বৃদ্ধি হয়ত সম্ভব নয়। কারণ ভারতীয় ক্রিকেটাররা বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত। সেখান থেকে প্রচুর টাকা পায়। সেই চুক্তি বাতিল করলেই এত টাকা ক্রিকেটারদের দেওয়া সম্ভব। তবে ভাতা অবশ্য বাড়বে। কতটা তা এখনই বলা মুশকিল।’ সূত্র: আজকাল

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫