Skip to content

বুফ্ফনের হাতে বর্ষসেরার পুরস্কার দেখতে চান পিকে

স্পোর্টস ডেস্ক ॥
দুই দশকের ক্যারিয়ারে অনেক শিরোপা জিতেছেন জানলুইজি বুফ্ফন। কিন্তু কখনোই জেতা হয়নি চ্যাম্পিয়ন্স লিগ। সময়ের অন্যতম সেরা গোলরক্ষকের এবার সে অপেক্ষা ঘুঁচবে বলে মনে করেন জেরার্দ পিকে। বার্সেলোনার এই ডিফেন্ডারের বিশ্বাস, ক্যারিয়ারের শেষ ধাপে এসে এবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতবেন ইউভেন্থস গোলরক্ষক।

আগামী ৩ জুন, কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইউভেন্থস। এখানে জিতলেই ‘ট্রেবল’ পূর্ণ হবে এরই মধ্যে চলতি মৌসুমের সেরি আ ও ইতালিয়ান কাপ জেতা দলটির।

১৯৯৫ সালে পার্মার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা বুফ্ফন ২০০১ সালে ইউভেন্থসে যোগ দেন। তারপর থেকে এ পর্যন্ত ক্লাবটির হয়ে আটটি সেরি আ, পাঁচটি ইতালিয়ান সুপার কাপ ও তিনটি ইতালিয়ান কাপ জিতেছেন তিনি। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।

পিকের বিশ্বাস তার ক্লাব সতীর্থ লিওনেল মেসি ষষ্ঠবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাওয়ার যোগ্য। তবে এবার বুফ্ফনের হাতেই পুরস্কারটি দেখতে চান তিনি।

‘এ বছর মেসি (ইউরোপের শীর্ষ পাঁচ লিগের) সেরা গোলদাতার পুরস্কার গোল্ডেন শু জিতবে এবং আবারও বর্ষসেরার পুরস্কার পাওয়ার যোগ্য’।

‘তবে আপনি যদি শিরোপার দিকে তাকান তাহলে বুফফন সেরি আ, ইতালিয়ান কাপ জিতেছে এবং চ্যাম্পিয়ন্স লিগও জিততে পারে। সে তার ক্যারিয়ারের জন্য এবং এই মৌসুমের জন্য এটা পাওয়ার যোগ্য’।

বিডি নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫