আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে হামলার সময়কার ফাঁস হওয়া ছবি ও তথ্য আমেরিকার নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশ করায় ব্রিটিশ সরকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। কর্মকর্তরা বলছেন এটি পুলিশের তদন্ত কাজকে ক্ষতিগ্রস্ত করছে এবং মার্কিন গোয়েন্দা বাহিনীর সাথে পারস্পরিক আস্থা বিনিময়ের ক্ষেত্রে সংকট তৈরি হচ্ছে।
এদিকে সোমবার কনসার্টে হামলাকারী হিসেবে চিহ্নিত ব্যক্তির ভাই এবং বাবাকে লিবিয়াতে আটক করা হয়েছে। তার আরেক ভাইকে ম্যানচেস্টার থেকে আটক করা হয়। ব্রিটেনে পুলিশ এ নিয়ে ৭ জনকে আটক করেছে।
পুলিশের ধারণা এই হামলার পেছনে একটি নেটওয়ার্ক কাজ করেছে। নিরাপত্তা বাহিনীর বিশ্বাস হামলায় ব্যবহৃত বিস্ফোরক হামলাকারীর নিজের তৈরি নয়। বোমা তৈরির সূত্র খুঁজে বের করতে তাদের জোড় তৎপরতা ছলছে।
আমেরিকার পত্রিকাটি বলছে বোমাটি তুলনামূলকভাবে উচ্চক্ষমতা সম্পন্ন ছিল। এছাড়া হামলার বেশ কিছু তথ্য আমেরিকার বিভিন্ন সূত্র মারফত প্রকাশ করা হয়েছে। যে বিষয়টি ব্রিটিশ কর্তৃপক্ষ মোটেই পছন্দ করেনি।
বৃহস্পতিবার ন্যাটোর সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তথ্য ফাঁসের বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আম্বাররাড বলেছেন তথ্যের আদান-প্রদান আমরা চাই। কিন্তু যে তথ্য বিনিময় হয়েছে পুলিশ নিশ্চয়ই চাইবেনা সেগুলো সাধারণ মানুষ জানুক। তদন্ত কার্যক্রমের স্বার্থে ব্রিটিশ পুলিশ নিজেরাই এর নিয়ন্ত্রণ রাখতে চান। ফলে এটা অন্যান্য মাধ্যমে প্রকাশিত হলে সেটা অবশ্যই বিরক্তিকর। আমি আমার বন্ধুপ্রতিমদের বিষয়ে নিশ্চিত যে, তারা এ বিষয়ে এখন সতর্ক হবেন এবং এমটি আর ঘটবে না।
বিবিসি বাংলা
