Skip to content

কুমিল্লার মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে খুন

জেলা প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা) ॥
ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে অবশেষে দুর্বৃত্তদের হাতে প্রাণ হারালেন কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার ভোরে ঢাকার বাসা থেকে কুমিল্লার মুরাদনগরে আসার পথে যাত্রাবাড়ী এলাকার ধলপুর কমিউনিটি সেন্টারের অদূরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে। খবর পেয়ে ওই ডেপুটি কমান্ডারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের ডেপুটি কমান্ডার জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবত ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছিলেন। তিনি মুরাদনগর উপজেলার বেশ কিছু ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, সচিবালয়সহ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। টাকার বিনিময়ে মুরাদনগরে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে আসল মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করা হচ্ছে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছিলেন ডেপুটি কমান্ডার জাহাঙ্গীর আলম।

গত ১৯মে শুক্রবার মুরাদনগর উপজেলার দারোরা ইউপির মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে অংশ নিয়ে তিনি ওই ইউনিয়নের বেশ কিছু ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদেরের সামনেই তাকে ব্যাপক মারধর করা হয়। পরে তিনি ৩ ভূয়া মুক্তিযোদ্ধাসহ তাদের সন্তানদের বিরুদ্ধে গত ২২ মে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

নিহত মুক্তিযোদ্ধার ছেলে “িারুল আলম রিপন জানান, গত ১৯মে তার বাবার উপর পরিকল্পিতভাবে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা করা হয়েছিল। তার বাবা দীর্ঘদিন যাবত ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম ও প্রতিবাদ করে আসছিল।

তিনি জানান, বেশ কিছুদিন যাবৎ মোবাইল ফোনে তার বাবাকে হত্যার হুমকি প্রদান করে আসছিল দুর্বৃত্তরা। আজ তার বাবাকে হত্যার পর সঙ্গে থাকা টাকা পয়সা না নিলেও হাতে থাকা ব্যাগটি নিয়ে গেছে। ওই ব্যাগটিতে মুক্তিযুদ্ধের সময়কালীন বেশ কিছু তথ্য ও কাগজপত্রসহ ভুয়া মুক্তিযোদ্ধাদের কিছু আমলনামা ছিল।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদা আক্তার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের ছুটিতে আছেন। তাই আগামী শনিবার দিন মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমের দিন ধার্য করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান জানান, আজ বৃহস্পতিবার ভোরে জাহাঙ্গীর আলম মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে অংশ নেয়ার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে ঢাকার বাসা থেকে রওয়ানা হলে যাত্রাবাড়ীর ঢলপুর এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫