Skip to content

ইংল্যান্ডের আসল পরীক্ষা আজ

স্পোর্টস ডেস্ক ॥
ফাইলফটো: কোন এক ম্যাচে এউইন মরঘান ও কেন উইলিয়ামসন
ফেভারিটের তকমা নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় টার্গেটের পেছনে সহজ জয় কুড়ায় ইংলিশরা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিউজিল্যান্ড। এজবাস্টনে বৃষ্টিতে পণ্ড হয় ট্রান্স-তাসমান ম্যাচটি। চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড-নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে আজ। কার্ডিফে খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। সেমিফাইনালের সম্ভাবনা ধরে রাখতে হলে আজ জয় চাই কিউইদের। আর কিউইদের বিপক্ষে আজ জয় পেলে সেমিফাইনালের সম্ভাবনা স্পষ্ট হবে স্বাগতিক ইংল্যান্ডের। আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩০৬ রানের টার্গেটে আট উইকেটে জয় কুড়ায় ইংল্যান্ড। ওয়ানডাউন ব্যাটসম্যান জো রুট খেলেন ১৩৩ রানের হার না মানা ইনিংস। অধিনায়ক এউইন মরগান করেন ৬১ বলে অপরাজিত ৭৫ রান। দ্বিতীয় উইকেটে এ’দুজন গড়েন ১৫৯ রানের জুটি। অবশ্য ওই ম্যাচেই চলতি আসরের সর্বোচ্চ ১৬৬ রানের জুটি গড়েন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল ও মিডলঅর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ওই ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। নিজের উইকেট দেয়ার আগে ৯৫ রানের ইনিংস খেলেন এ ইংলিশ ওপেনার। তবে ইংলিশ অপর ওপেনার জেসন রয়ের ব্যাটে চলছে রানের খরা। শেষ ৬ ওয়ানডেতে একবার ব্যক্তিগত ২০ রানের কোঠায় পৌঁছেনি জেসন রয়ের ইনিংস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান নিউজিল্যান্ডের ওয়ানডাউন ব্যাটসম্যান কেন উইলিয়ামসনও। ফর্মের আভাস মেলে ওপেনার লুক রনকির ব্যাটেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ৪৩ বলে ৬৭ রান করেন রনকি। ওয়ানডেতে রনকির এটি ছিল ৩৬ ওয়ানডেতে প্রথম অর্ধশতক। ব্যাটে ফর্ম দেখাচ্ছেন অভিজ্ঞ তারকা রস টেইলরও। অস্ট্রেলিয়ার বিপক্ষে উইলিয়ামসনের সঙ্গে ৯৯ রানের জুটিতে রস টেইলরের অবদান ছিল ৪৬। ইংল্যান্ডের জন্য দুঃসংবাদ ইনফর্ম অলরাউন্ডার ক্রিস ওকসের ইনজুরি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাত্র দুই ওভার বোলিং শেষে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এ ইংলিশ পেসার। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ড একাদশে জায়গা পেতে পারেন পেসার স্টিভেন ফিন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে একাদশের বাইরে ছিলেন ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত লেগ স্পিনার আদিল রশিদ। কিউইদের বিপক্ষে আজ সুযোগ পেতে পারেন আদিল রশিদও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বৃষ্টির কারণে ৪৬ ওভারে নেমে আসে নিউজিল্যান্ডের ইনিংস। কিন্তু ১ ওভার বাকি রেখেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৩৯ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২৫৪/৩। তবে শেষ ৩৭ রানে সাত উইকেট খোয়ায় কিউইরা। ২৯১ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। তবে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাঁড়ায় ৩৩ ওভারে ২৩৫। কিন্তু অজি ব্যাটসম্যানদের বিপাকে ফেলেন কিউইরা।  ওপেনার ডেভিড ওয়ার্নার ১৮, অ্যারন ফিঞ্চ ৮ ও চার নম্বরে ব্যাট হাতে মোজেস হেনরিকেস করেন ১৮ রান। কিউই ফাস্ট বোলার আডাম মিলনে দুই ও বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট নেন এক উইকেট। ৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৫৩/৩-এ। বার্মিংহামে পরে বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের আগে নিউজল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড বলেন, ম্যাচটি কোয়ার্টার ফাইনালের মতো। বার্মিংহামে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এ ম্যাচের গুরুত্ব বেড়েছে। গত দুই বছরে ওয়ানডেতে ইংল্যান্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। ওয়ানডে ক্রিকেটে পরস্পর সাক্ষাতে পাল্লা ভারি নিউজিল্যান্ডের। ৩৬ হারের বিপরীতে ইংল্যান্ডের বিপক্ষে কিউইরা জয় দেখেছে ৪১ বার। এতে দুই ম্যাচ টাই ও পরিত্যক্ত হয় চার ম্যাচ। তবে নিজ মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাল্লা ভারি ইংলিশদের। বিলাতে ২৯ সাক্ষাতে ১২ হারের বিপরীতে ইংলিশরা জয় দেখে ১৫ বার। এতে পরিত্যক্ত হয় দুটি ম্যাচ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫