Skip to content

‘নাস্তিক-বামপন্থী-চরমপন্থীতে নৌকা এখন ডুবু ডুবু’

স্টাফ রিপোর্টার ॥

আস্তিক, নাস্তিক, বামপন্থী, চরমপন্থী সব এখন আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকায় উঠার ফলে নৌকা এখন ডুবু ডুবু বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।

মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

কাজী ফিরোজ বলেন, ‘১৯৭০ সালের নৌকা আর এখনকার নৌকা এক না। বাজেট অনেক বড়, নৌকাও অনেক বড়। নৌকায় কাকে উঠিয়েছেন এখন? আস্তিক, নাস্তিক, বামপন্থী, চরমপন্থী সব নৌকায় ওঠালেন। এত পরিমাণ উঠেছে যে নৌকা এখন ডুবু ডুবু। আস্তিক, নাস্তিক নিয়ে আপনি সাগর পাড়ি দিবেন কিভাবে? পারবেন না, কারণ নৌকাতো ডুবু ডুবু।’

তিনি বলেন, ‘নৌকায় আওয়ামী লীগের যারা উঠতে পারেনি তারা এখন পাড়ে বসে শুধু লাফালাফি করছে। ভোট নিলে দেখা যাবে, আস্তিক, নাস্তিক আর হাইব্রিড আওয়ামী লীগের সাথে ত্যাগী আওয়ামী লীগ কত দূরত্ব বাড়ছে এবং কি অবস্থা দাঁড়ায়।’

তিনি আরও বলেন, ‘আমরা আজকে উন্নয়নের মহাসড়কে উঠে গেছি-অনেক মন্ত্রী এ কথা বলেন। কিন্তু লাখ-লাখ গাড়ি নিয়ে কি মহাসড়কে চলা যায়? মহাসড়কে গতি থাকবে সর্বনিম্ন ৮০ থেকে ১০০ মাইল। আর আপনি এখন চালাচ্ছেন ১০ থেকে ২০ কিলোমিটারে গাড়ি। এই গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্সও নাই।’

বাজেট অধিবেশন চলাকালীন মন্ত্রীদের বিদেশ সফরের বিষয়ে কঠোর সমালোচনা করেন তিনি। জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘সংসদে বাজেট অধিবেশন চলছে, অথচ অনেক মন্ত্রী সংসদে নেই। তারা বিদেশে অবস্থান করছেন কেন? বিদেশে কি আরেকটা বাজেট অধিবেশন বসেছে? কেন তাদেরকে যেতে দেন, কি অর্জন তারা দেশের জন্য নিয়ে আসবেন? এই মন্ত্রী সাহেবরা গাড়ি আর পুলিশ নিয়ে জনগণের টাকায় চলছেন। এটাতো চলবে না। বাজেট অধিবেশনে মন্ত্রীদের থাকতে হবে।’

দেশের শেয়ার বাজার থেকে আবারও টাকা চুরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, ‘একটা সিন্ডিকেট হাজার হাজার টাকা চুরি করবে, তারা প্রস্তুতি নিচ্ছেন।’ এসময় অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এ স্টক মার্কেটকে বাঁচান, ব্যবস্থা নিন।’

সংসদে নিজ দল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যারা এই সংসদে আছি, মানুষ আমাদেরকে কি বলে? আমরা ডানে সরকারি দল, বামে বিরোধী দল। কেউ বিরোধী দল মনে করতে চায়না। আমি বলি, বিরোধী দল হয়ে কথা বলার চেষ্টা করি, মানুষ শুনে হাসে। করারাতো কিছু নেই। কারণ আমাদের ভাগ্যের লিখন, না যায় খন্ডন।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫