বাংলাভূমি ডেস্ক ॥
জুলাই থেকে বিদ্যুৎ বিলের ওপরে ৫ শতাংশ ভ্যাটের বদলে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হচ্ছে। নতুন ভ্যাট আইন কার্যকরের পর প্রতি ১০০ টাকার বিদ্যুৎ বিলে গ্রহককে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। যদিও বিদ্যুৎ মন্ত্রণালয় বলছে, বাজেট পাশের আগেই এ খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবি জানানো হবে।
১ হাজার ৪৩৩ টাকা বিদ্যুৎ বিলের সাথে ৫ শতাংশ ভ্যাট দিয়ে বিল ১৫শ’ টাকার মতো দেওয়া হলেও জুলাই থেকে একই বিলের পরিমাণ সাড়ে ১৬শ’ টাকার মতো দাঁড়াবে। অর্থাৎ ১০০ টাকায় গুনতে হবে বাড়তি ১৫ টাকা।
পিডিবির হিসেবে, ভ্যাটের মাধ্যমে সরকার বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ৩ হাজার ১০০ কোটি পাবে। গ্রাহকদের এজন্য ইউনিটপ্রতি অতিরিক্ত দশমিক ৬৭ টাকা বেশি গুনতে হবে। সব শ্রেণির গ্রাহকদের ওপরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বাড়তি এই ভ্যাটের খড়গ পড়বে করুণ ভাবে।
বিদ্যুতের মতো অতি গুরুত্বপূর্ণ খাতকে ১৫ শতাংশ ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি ভোক্তা অধিকার সংগঠন- ক্যাবের।
নতুন ভ্যাট আরোপের ফলে বিদ্যুৎ খাতে সাড়ে সাত আর গ্যাস খাতে ৯৩ ভাগ দাম বাড়ানো প্রয়োজন হবে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। তবে বাজেট পাশের আগে নতুন আরোপিত ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দেবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
গ্যাসের ক্ষেত্রে পহেলা জুন থেকে ২য় ধাপে নতুন দাম কার্যকর হয়েছে। এতে বিদ্যুতের উৎপাদন খরচও বাড়বে। আর নতুন আরোপিত ভ্যাটের ফলে এ খরচ আরো বেড়ে যাবে। ইনডিপেন্ডেন্ট টিভি
