Skip to content

মাশরাফিরা গাইছেন, আমরা করব জয় একদিন

স্পোর্টস ডেস্ক ॥

কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের দারুণ এক জয় দিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রেখেছিল বাংলাদেশ। শেষ চারের টিকিটটা নিশ্চিত করার জন্য দরকার ছিল শুধু ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের জয়। সেটাও হয়ে যাওয়ার পর বাংলাদেশ মেতে উঠেছে সত্যিকারের বিজয় উল্লাসে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটি শেষ হওয়ার পরই মাশরাফি-সাকিব-মুশফিকরা মেতে উঠেছেন প্রথমবারের মতো আইসিসির কোনো প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠার উল্লাসে। সমস্বরে গেয়েছেন, ‘আমরা করব জয়’।

কার্ডিফে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ উল্লাস করেছিল ঠিকই। কিন্তু সেটা যেন পূর্ণতা পায়নি। কিসের যেন ঘাটতি ছিল। সেটা আজ দূর করে দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ৪০ রানের জয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় করে দিয়েছে ২০১৫ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়াকে। ফলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। সেই খবরটা আসা মাত্রই বাংলাদেশের ক্রিকেটাররা মেতে উঠেছেন সেমিফাইনালে ওঠার আনন্দ উদযাপনে। সবাই গোল হয়ে দাঁড়িয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে গেয়েছেন ‘আমরা করব জয়, একদিন’ গানটা।

গানের শেষে মুশফিক বিশেষভাবে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের নায়কদের। প্রথমেই তিনি নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতের নাম। নিউজিল্যান্ডের ইনিংসের শেষপর্যায়ে তিন উইকেট নিয়ে তরুণ এই স্পিনারই স্লথ করে দিয়েছিলেন কিউইদের রানের চাকা। মুশফিক এরপর স্মরণ করেছেন সব বোলারদের। আর শেষে নিয়েছেন সাকিব ও মাহমুদউল্লাহর নাম। যাদের রেকর্ডগড়া জুটিতে ভর করে বাংলাদেশ পেয়েছিল ৫ উইকেটের অসাধারণ এক জয়। ফেসবুকে মাশরাফি বাহিনীর এই আনন্দে মেতে ওঠার ভিডিওটি শেয়ার করেছেন তাসকিন আহমেদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫