স্টাফ রিপোর্টার ॥
রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। এবার ঈদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের আশংকা করা হচ্ছে।
গড়ে প্রতিদিন ১৩ হাজার যান চলাচল করে এ সড়কে। ঈদে এ সংখ্যা আরো বেড়ে যায়। বর্তমানে মহাসড়কের বিভিন্ন জায়গায় ফোর লেন ও সেতু তৈরির কাজ চলছে। ফলে যানজট এখন নিত্য ঘটনা। ঈদে তা আরো বেড়ে যাবার আশংকা করছেন গাড়ি চলকেরা।
গাড়ি চালক ও যাত্রীরা বলছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফোর লেনে উন্নীত করার কাজ চলায় যাত্রীদের ব্যাপক ভোগান্তি হতে পারে। তবে পুলিশ বলছে, যাত্রী দুর্ভোগ কমাতে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ।
জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার মহাসড়কে চার লেনের কাজ ২০১৮ সালের ডিসেম্বরে শেষ হবার কথা। পুলিশ বলছে, সড়কের ছোট সেতুগুলোর মুখে বেশি জট সৃষ্টি হয়। তাই এবার এসব সেতুর দুপাশে পর্যাপ্ত পুলিশ থাকবে।
মহাসড়কের হাটিকুমরুল গোল চত্ত্বরের কাছে ব্যাপক যানজট হয়। এছাড়াও ধোপাকান্দি ব্রিজ ও নলকা ব্রিজ সরু হওয়ায় সেখানেও দীর্ঘ যানজট লাগে। সেতু দুটি বড় করা প্রয়োজন বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওয়াচ টাওয়ারসহ এবার পর্যাপ্ত পুলিশ মহাসড়কে নজরদারি করবে। -তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি
