স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরের নাগাদা ব্রিজ এলাকায় ট্রাক চাপায় সিএনজির দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
জয়দেবপুর থানার পুবাইল পুলিশ ফাঁড়ির এসআই মো. রফিকুল ইসলাম জানান, ভোগড়া বাইপাস মোড় থেকে নারায়ণগঞ্জের গাউসিয়াগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী অজ্ঞাত পরিচয়ের এক নারী (৪১) ও অজ্ঞাত পরিচয়ের পুরুষ (৪০) নিহত হন।
খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
