Skip to content

ব্রাজিলের কোকেন সম্রাট ‘হোয়াইট হেড’ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক ॥
ব্রাজিলের কোকেন সম্রাট লুইজ কার্লোস দা রোচাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রোচা ‘হোয়াইট হেড’ বা সাদা মাথা হিসেবে পরিচিত ছিলো।

স্থানীয় সময় শনিবার ব্রাজিলের পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। রোচাকে ব্রাজিলের পশ্চিমের শহর সরিসোর মাতো গ্রোসো থেকে গ্রেফতারের খবর জানায় পুলিশ। তবে কখন তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দশক ব্রাজিল পুলিশের চোখে ধুলো দিয়ে আসছিলেন রোচা। রোচা গ্রেফতার এড়াতে তাঁর নাম পরিবর্তন করে ভিতর লুইজ দিমোরায়েজ রাখেন। শুধু নাম নয়, অস্ত্রোপচার করে নিজের চেহারাই বদলে ফেলেন তিনি। কিন্তু পুলিশ সব সময় তাঁর আন্তর্জাতিক মাদক ব্যবসার খোঁজখবর রেখেছিল।

পুলিশ আরো জানায়, বিভিন্ন অভিযানে আলাদা জায়গা থেকে তাঁর ‘ডান হাত’কেও গ্রেফতার করা হয়েছে। এ দু’জনকে ধরতে পুলিশের ১৫০ চর ২৪টি অভিযান চালিয়েছে। জব্দ করা হয়েছে তাঁর (রোচার ডান হাত) এক কোটি ডলার সমমূল্যের বিলাসবহুল গাড়ি, ব্যক্তিগত বিমান, খামার এবং অনান্য সম্পদ।

এ অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘স্পেকট্রাম’। পর্তুগিজ ভাষার এ শব্দের অর্থ ‘ছায়ামূর্তি’, যে পালিয়ে বেড়ায়। তিনি (রোচা) ৩০ বছর ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিলেন।

পুলিশের বিবৃতিতে আরো জানানো হয়, রোচাকে ভারী অস্ত্রধারীরা সব সময় নিরাপত্তা দিত। তাঁর বিরাট কোকেন নেটওয়ার্ক রয়েছে। তিনি বলিভিয়া, পেরু ও কলম্বিয়ার জঙ্গল ব্যবহার করে মাদক এনে গোটা লাতিন আমেরিকায়, এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপেও সরবরাহ করতেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ব্রাজিলের সাও পাওলো এবং রাজধানী রিও ডি জেনিরোতেও আইনভঙ্গ করে মাদক চোরাচালানের অভিযোগ আছে।

পুলিশ ধারণা করছে, রোচার ১০ কোটি মার্কিন ডলার সমমূল্যের ব্যক্তিগত সম্পদ রয়েছে। স্পেকট্রাম অভিযানের দ্বিতীয় ধাপে এসব জব্দ করার পরিকল্পনা করছে পুলিশ।-তথ্যসূত্র : এনটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫