স্টাফ রিপোর্টার ॥
রাজধানীসহ সারাদেশে থেমে থেমে আষাঢ়ে বৃষ্টি চলছে। এ অবস্থা পুরো আষাঢ় জুড়েই থাকার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে থেকে জানা গেছে। একই সঙ্গে যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে থাকলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টির কারণে নগরজীবনও ধীর লয়ে চলছে। এ অবস্থার আরও অবনতি ঘটেছে মঙ্গলবার মধ্যরাত থেকে। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আফিস-আদালতগামী মানুষ পড়েছে চরম বিপাকে। একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি অন্য দিকে জলাবদ্ধতা।
ছাতা দিয়ে বৃষ্টি থেকে কিছুটা বাঁচলেও জলাবদ্ধতার কারণে ভেঁজা কাপড় নিয়েই অফিসমুখী হতে দেখা গেছে অনেককে। সবচেয়ে বিপাকে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী। বিভিন্ন স্কুলে এরই মধ্যে শুরু হয়েছে স্কুল শিক্ষার্থীদের পরীক্ষা। তাই বাধ্য হয়ে বৃষ্টি ও জলাবদ্ধ পরিস্থিতিকে উপেক্ষা করে ভেঁজা ইউনিফর্মেই হতে হয়েছে স্কুলমুখী। বৃষ্টির কারণে রাজধানীর সড়কগুলোতে থেমে থেমে যানবাহন চলছে। এতে বিভিন্ন বাস পয়েন্টে সৃষ্টি হয়েছে যানজট।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
