স্টাফ রিপোর্টার ॥
অর্থবছর জুন-জুলাই পরিবর্তনে পাবলিক ডিবেট চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘অনেকেই চাইছেন অর্থবছর পরিবর্তন করা হোক। কেউ বলছেন এটা এপ্রিল-মার্চ করতে। আবার নতুন করে অনেকে দাবি করছেন জানুয়ারি-ডিসেম্বর। এটা নির্ধারণে পাবলিক ডিবেট হতে পারে।’
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অব বাংলাদেশের সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ অর্থমন্ত্রীর কাছে অর্থবছর পরিবর্তনের প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন, ‘আমরা অর্থবছরে নিয়ে জনমত তৈরি করেছি। সবাই জানুয়ারি-ডিসেম্বর করার বিষয়ে মত দিয়েছেন। কারণ আমাদের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় জানুয়ারি-ডিসেম্বরকে কেন্দ্র করে।’
এর জবাবে মন্ত্রী বলেন, ‘জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর পৃথিবীর কোথাও নেই। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় এটি আছে। তবে এপ্রিল-মার্চ এর রেকর্ড আছে।’
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়। এসব বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের সরকার কারিগরি শিক্ষার উপর বেশ গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি উপজেলা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট হবে। এই সংখ্যা আরও বাড়বে।
