স্টাফ রিপোর্টার ॥
কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ হওয়ার পর স্বল্প সময়ে উদ্ধার হওয়ায় বিএনপি নেতারা হতাশ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জ এ ন্যাপ-ভাসানী আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বর্তমান সরকারের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি ফরহাদ মজহার আদালতে বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলার জন্য কেউ তাকে অপহরণ করে থাকতে পারে। সুতরাং তার অপহরণের পেছনে বিএনপির কোন নেতা জড়িত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।
হাছান মাহমুদ বলেন, ফরহাদ মজহার অপহরণ হওয়ার পর সরকারের নির্দেশনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সফল অভিযানের কারণে দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এতে বিএনপির নেতারা হতাশ হয়ে পড়েছেন। তারা আশা করেছিলেন যে এটাকে ইস্যু বানিয়ে কয়েকদিন রাজনীতি করবেন। কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। বিএনপিই প্রতিনিয়ত সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। সুতরাং তারাই সরকারকে বেকায়দায় ফেলার জন্য ফরহাদ মজহারকে অপহরণ করে থাকতে পারে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাঙামাটি সফরের বিষয়ে তিনি বলেন, তার যাওয়ার কথা ছিল রাঙামাটি রোড দিয়ে, পুলিশকে সেভাবেই তিনি বলে রেখেছিলেন। কিন্তু তিনি যাচ্ছিলেন কাপ্তাই রোড দিয়ে। এর কারণ কি? প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে সুইডেনে ছিলেন। তবুও বিএনপি নেতারা তার সমালোচনা করছিল। কিন্তু এর কয়েকদিন পরেই ফখরুল সাহেব অস্ট্রেলিয়া গেলেন। বিদেশযাত্রার আগে ইস্যু তৈরি করতেই কি তিনি ভিন্নপথে রাঙামাটি যাচ্ছিলেন।
জঙ্গিবাদ বিষয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, যখন যেখানে জঙ্গিবিরোধী অভিযান হয়েছে সেটা নিয়েই বিএনপি প্রশ্ন করেছে। হলি আর্টিজানের জঙ্গিরা নিহত হওয়ার পরেও তারা প্রশ্ন করেছে কেন তাদের হত্যা করা হলো? যেখানে জঙ্গিদের বাবা-মা ই তাদের লাশ নিতে চায় না সেখানে বিএনপি তাদের জন্য মায়া কান্না করে। এর কারণ তারা জঙ্গিবাদের আশ্রয়, প্রশ্রয় এবং মদদ দাতা।
আয়োজক সংগঠনের সভাপতি বঙ্গদ্বীপ এম এ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিন, সুপ্রিমকোর্ট বারের সহ সভাপতি অ্যাডভোকেট কাজী মো. সারোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা এম এ করিম, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।
