Skip to content

যুক্তরাষ্ট্রের নৈতিকতা বিষয়ক দপ্তরের পরিচালকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের নৈতিকতা বিষয়ক দপ্তরের পরিচালক ওয়াল্টার শব পদত্যাগ করেছেন। তিনি একসময় প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবসায়িক স্বার্থ নিয়ে সমালোচনা করেছিলেন। বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দেন।
দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার প্রায় ছয় মাস আগে ওয়াল্টার শব পদত্যাগ করলেন।

শব প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পেশ করা তার পদত্যাগপত্র টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। তাতে তিনি বলেছেন যে, আগামী ১৯ জুলাই তিনি তার দপ্তর ছেড়ে যাবেন।

এটি হলো ট্রাম্প প্রশাসনের জন্য একটি আঘাত। কারণ স্বার্থের দ্বন্দ্ব সম্পর্কিত বিষয় নিয়ে প্রশাসন এই স্বাধীন ক্ষুদ্র দপ্তরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।

শব তার দায়িত্ব পালনের বিষয়টিকে বিরাট সুযোগ এবং সম্মানের বিষয় হিসাবে উল্লেখ করে বলেন, এই দপ্তরের সঙ্গে সংশ্লিষ্টরা সরকারি চাকরিকে জনগণের আস্থার বিষয় হিসাবে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তিনি লিখেছেন, সরকারি দায়িত্ব পালনকারীদের জন্য ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংবিধান, আইন এবং নৈতিক সততার নীতিমালার প্রতি আনুগত্য রক্ষা করা জরুরী।

সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় থেকে শব নৈতিকতা বিষয়ক দপ্তরে কর্মরত ছিলেন। বারাক ওবামার সময় তিনি এই দপ্তরের পরিচালক হিসাবে নিয়োগ পান।

ওয়াল্টার শব ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেছেন যে, আগেভাগে বিদায় নেয়ার জন্য ট্রাম্প প্রশাসনের কেউ তাকে কোনওরকম চাপ প্রয়োগ করেনি।

সূত্র: দ্য হিল

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫