Skip to content

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান শুরু

স্টাফ রিপোর্টার ॥

চলতি বছর পবিত্র হজ পালনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার সকালে রাজধানীসহ সারাদেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয় ও সচিবালয় ক্লিনিকে একযোগে এ কার্যক্রম শুরু হয়।

সকালে সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখা গেছে, নিবন্ধিত হজযাত্রীরা সকাল থেকে কেউ এজেন্সির মাধ্যমে আবার কেউ ব্যক্তিগতভাবে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে হাজির হয়েছেন। চিকিৎসক ও নার্সরা সিরিয়াল অনুযায়ী হাসিমুখে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে স্বাস্থ্য সনদ দিচ্ছেন। প্রত্যেক হজযাত্রীকে দুই ধরনের টিকা (ইনফ্লুয়েঞ্জা ও ম্যানেনজাইটিস) দিচ্ছেন।

কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা জানান, প্রথমদিন হওয়ায় বুধবার হজযাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। তবে আগামী দু’একদিনের মধ্যে এ সংখ্যা অনেকগুণ বেড়ে যাবে বলে তারা জানান।

আশকোনা হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম দুপুরে বলেন, আনুষ্ঠানিকভাবে না হলেও পূর্ব ঘোষণা অনুসারে সারাদেশে নিবন্ধিত হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৬ জুলাই আশকোনা হাজিক্যাম্পে স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হবে।

সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২৭ হাজার ৭৯৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে। তাদের প্রত্যেককে স্বাস্থ্য সনদ সঙ্গে নিতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ঢাকা জেলা ও মহানগরীর হজযাত্রীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, মুগদা মেডিকেল, সরকারি কর্মচারি হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন।

এছাড়া অন্যান্য জেলার হজযাত্রীরা বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা শহরে সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন। প্রত্যেক হজযাত্রীকে বিমানবন্দরে প্রদর্শনের জন্য স্বাস্থ্য সনদ সঙ্গে রাখতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫