আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের আলোচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘টার্মিনাল হাই অলটিচুড এরিয়া ডিফেন্স বা থাড’-এর সফল পরীক্ষা চালানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের কোডিয়াক এলাকায় গত মঙ্গলবার এ পরীক্ষা চালানো হয়।
মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, মধ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের আকাশ থেকে একটি সি-১৭ যুদ্ধবিমান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর থাড তা সফলভাবে ধ্বংস করতে সমর্থ হয়।
উত্তর কোরিয়া বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরির চেষ্টা করে আসছে। সম্প্রতি তারা বেশ কয়েক দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সর্বশেষ ৪ জুলাই দেশটি দাবি করে, তারা আইসিবিএমের সফল পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ংয়ের দাবি, হোয়াসং-৪ নামের ওই ক্ষেপণাস্ত্র ‘বিশ্বের যেকোনো জায়গায়’ আঘাত হানতে সক্ষম। তবে মার্কিন সেনাবাহিনী এ দাবি উড়িয়ে দিয়ে বলেছে, হোয়াসং-১৪ আসলে একটি অন্তর্র্বতী পাল্লার ক্ষেপণাস্ত্র। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ এবং সমরাস্ত্র বিশেষজ্ঞরাও মনে করেন, আইসিবিএম তৈরি করতে সমর্থ না হলেও পিয়ংইয়ং অন্তর্র্বতী পাল্লার ক্ষেপণাস্ত্র ঠিকই তৈরি করে ফেলেছে। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থাড নির্মাণ করেছে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্বল্প, মাঝারি ও মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। সূত্রঃ প্রথম আলো
