আন্তর্জাতিক ডেস্ক ॥
জেরুজালেমের পুরোনো শহরে বর্বর হামলার নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার এক বিবৃতিতে প্রাণনাশকারী ওই বর্বর হামলার নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, জেরুজালেমে বর্বর হামলার জন্য যুক্তরাষ্ট্র শোকাহত। নিহতদের প্রতি প্রার্থনা করছি। নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি। এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র।
স্পাইসার আরো বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হতে হবে। শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে। যে কোনো হামলা হলেই সবাই তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হব্যে।
জেরুজালেমের টেম্পল মাউন্ট চত্বরে শুক্রবার হামলা চালায় ৩ বন্দুকধারী। মুসলিমদের কাছে নোবেল স্যাঙ্কচুয়ারি এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত ওই চত্বর দুটি সম্প্রদায়ের কাছেই অতি পবিত্র ধর্মস্থান।
শুক্রবার সকালে ৩ বন্দুকধারী টেম্পল মাউন্টে পুরনো শহরের লায়ন্স গেটের দিকে এগনোর চেষ্টা করছিল। তখন পুলিশকর্মীরা তাদের বাধা দিলে তারা এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। গুলিতে আহত হয় ৩ জন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা সবাই ইজরায়েলি বলে জানিয়েছে হাসপাতাল।
পুলিশ পাল্টা গুলি চালালে তারা টেম্পল মাউন্ট চত্বরের একটি মসজিদে আত্মগোপনের চেষ্টা করে। তবে ৩ বন্দুকধারীকেই গুলি করে হত্যা করেছে পুলিশ। মৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র।
এই ঘটনার পরই আল আকসা মসজিদে শুক্রবারের নমাজ স্থগিত করে দেওয়া হয়। গ্রেফতার করা হয় আল আকসা মসজিদের গ্রান্ড মুফতি মোহাম্মদ আহমেদ হোসেনকে। পরে রাস্তায় জুমার নামাজ আদায় করেন মুসলিমরা। ওই হামলার নিন্দা জানিয়েন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দ্য হিল ও ফ্রান্স ২৪
