স্টাফ রিপোর্টার ॥
দেশে দুঃশাসন জাঁকিয়ে বসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাটোর জেলা বিএনপি’র সদস্য ও নাটোর পৌরসভার ১নং ওয়ার্ড এর নির্বাচিত কমিশনার সাজ্জাদ হোসেন সোহাগকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার করে থানায় নিয়ে প্রচন্ড মারধর এবং বাসার আসবাবপত্র ভাংচুরসহ পরিবারের সদস্যদের সাথে অশালীন আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রবিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক হীন উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের এবং তাদের ওপর নির্যাতনের ঘটনা এখন মাত্রাতিরিক্ত আকার ধারণ করেছে।
তিনি বলেন, নাটোর পৌরসভার ১নং ওয়ার্ডের নির্বাচিত কমিশনার সাজ্জাদ হোসেন সোহাগের বিরুদ্ধে কোন মামলা না থাকা সত্বেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা বশত: তাকে গ্রেফতারের ঘটনায় আবারো প্রমাণিত হলো দেশে দুঃশাসন জাকিয়ে বসেছে।
একজন জনপ্রতিনিধিকে রাতের অন্ধকারে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তার ওপর নির্যাতন হতে পারে এই আশংকা করছে তার পরিবার। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সাজ্জাদ হোসেন সোহাগকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, তার ওপর কোন ধরনের জুলুম-নির্যাতন না চালিয়ে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার জোর দাবি করছি।”
