স্টাফ রিপোর্টার ॥
আগামী ২৪ জুলাই থেকে হজ্জ ফ্লাইট শুরু হচ্ছে। যা চলবে ২৬ আগস্ট পর্যন্ত। ফিরতি হজ্জ ফ্লাইট ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ০৫ অক্টোবর। মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ তথ্য জানান।
তিনি বলেন, ফ্রি-হজ্জ (যাওয়া) শুরু হবে ২৪ জুলাই থেকে। এদিন সকাল ৭টা ৫৫ মিনিটে হজ্জ ফ্লাইট ঢাকা থেকে ত্যাগ করে জেদ্দায় পৌঁছাবে বেলা সাড়ে ১১টায়। ফ্রি-হজ্জ ফ্লাইট শেষ হবে ২৬ আগস্ট। এদিন সকাল ৯টা ০৫ মিনিটে হজ্জ ফ্লাইট ঢাকা থেকে ত্যাগ করে জেদ্দায় পৌঁছাবে বেলা ১২টা ৪০ মিনিটে।
মন্ত্রী জানান, পোষ্ট হজ্জ ফ্লাইট (ফিরতি) শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। এদিন স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে জেদ্দা ত্যাগ করে হজ্জ ফ্লাইট ঢাকায় পৌঁছাবে বেলা ২টা ১০ মিনিটে। পোষ্ট হজ্জ ফ্লাইট শেষ হবে ১০ অক্টোবর। এদিন স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে জেদ্দা ত্যাগ করে ঢাকায় পৌছবে ড়াট ৩টা ১০ মিনিটে।
মন্ত্রী জানান, হজ্জ প্যাকেজ ২০১৭ অনুযায়ী এবার হজ্জযাত্রী মোট ১ লক্ষ ২৭ হাজার ১৯৮ জন। হজ্জযাত্রী পরিবহণ কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষেয় জাতীয় হজ্জ ও ওমরাহ নীতি ২০১৭ অনুযায়ী সংশ্লিষ্ট এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
