আন্তর্জাতিক ডেস্ক ॥
জি-২০ সম্মেলনের সমাপনী ডিনারে ট্রাম্প নিজের আসন থেকে উঠে গিয়ে পুতিনের পাশে বসেন এবং প্রায় একঘণ্টা ধরে একান্তে কথা বলেন
মুজতাহিদ ফারুকী: জি-২০ সম্মেলনের সময় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘণ্টাব্যাপী একান্ত বৈঠকের যে খবর সদ্য প্রকাশ করা হয়েছে সেই বৈঠক যুক্তরাষ্ট্রের স্বার্থহানি করে থাকতে পারে। ক্রেমলিনের একজন অনুবাদকের সহায়তা নিয়ে এবং মার্কিন জাতীয় নিরাপত্তা বিভাগের কোনও কর্মকর্তার উপস্থিতি ছাড়াই ট্রাম্প ওই বৈঠক করেন।
এধরণের বৈঠকে মার্কিন পক্ষে সাধারণত একজন নথি লেখক অথবা সাক্ষী উপস্থিত থাকেন। কিন্তু ট্রাম্প-পুতিন বৈঠকে এমন কেউ উপস্থিত ছিলো না। ফলে তাদের বক্তব্য যথাযথভাবে অনুবাদ করা হয়েছে কি না কিংবা ট্রাম্প আরও কোনও গোপন তথ্য ফাঁস করে দেননি তার কোনও নিশ্চয়তা নেই। গত মে মাসে রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা হোয়াইট হাউজে এলে ট্রাম্প তাদের কাছে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করে দিয়েছিলেন।
এভাবে বৈঠক করায় প্রটোকল ভঙ্গ হয়েছে বলে এনবিসিকে জানান একজন বিশেষজ্ঞ।
প্রেসিডেন্টদের ইতিহাসবিদ মাইকেল বেশলস জানান, এর আগে মাত্র একজন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ১৯৭২ সালের মে মাসে তৎকালীন রুশ প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভের সঙ্গে বৈঠককালে অনুবাদের দায়িত্ব রুশদের হাতে ছেড়ে দিয়েছিলেন। নিক্সন পরে লিখেছিলেন যে, তিনি মনে করেছেন, এর ফলে ব্রেজনেভ আরও খোলামেলাভাবে কথা বলবেন।
বেশলস বলেন, এটি একটি মন্দ প্রবণতা। কারণ এর ফলে এমন প্রশ্ন ওঠে যে, দুই নেতা এমন কি কথা বলেছেন যা এমনই বিস্ফোরক যে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও সেকথা শুনতে পারেন না।
রাশিয়ায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল বলেন, ট্রাম্প পুতিনের সঙ্গে এত বেশি সময় কাটিয়েছেন যা তিনি অন্য কোনও নেতার সঙ্গে কাটান না। এটা বৈঠকের সারাংশ এবং প্রতীকি উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ।
ইউরেশিয়া গ্রুপের প্রেসিডেন্ট এবং সিএনবিসির বিশ্লেষক ইয়ান ব্রেমার গত মঙ্গলবার ট্রাম্প-পুতিনের একান্ত বৈঠকের খবর প্রথম প্রকাশ করেন। তিনি জানান, গত ৭ জুলাই জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ট্রাম্প ৩০ জনের মত বিশ্বনেতা ও তাদের স্ত্রী বা স্বামীদের সঙ্গে ডিনারে যোগ দেন। সেই ডিনারের এক পর্যায়ে ট্রাম্প জাপানি প্রধানমন্ত্রীর পাশ থেকে উঠে গিয়ে পুতিনের পাশে একটি খালি চেয়ারে বসেন। যদিও এর আগে ওই দিনই তারা দুই ঘণ্টারও বেশি সময় ধরে আনুষ্ঠানিক বৈঠক করেন। পুতিন ও ট্রাম্প সেসময় শুধু পুতিনের অনুবাদকের সহায়তায় প্রায় এক ঘণ্টা ধরে একান্তে প্রাণবন্তু আলোচনা করেন।
ব্রেমারের ব্রেকিং নিউজের পর হোয়াইট হাউজ ওই বৈঠকের কথা স্বীকার করে।
সূত্র: এনবিসি নিউজ
