স্টাফ রিপোর্টার ॥
সারাদেশে গতকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সংবাদ পাওয়া যাচ্ছে। মঙ্গলবারও বৃষ্টির এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদফতর বলছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত এবং মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।
পূর্বাভাসে বলা হয়, রাজধানী ঢাকাসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
